নাশকতা: মাহমুদুরের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে
কোতোয়ালি থানার একটি নাশকতার মামলায় দৈনিক আমার দেশ-এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে।
ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আলমগীর কবির রাজ আগামী ৯ মার্চ নতুন দিন রেখেছেন বলে মাহমুদুরের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ জানিয়েছেন।
সোমবার মামলার অভিযোগ গঠনে শুনানির দিন থাকলেও মাহমুদুর রহমান আদালতে হাজির না হওয়ায় তার আইনজীবী সময়ের আবেদন করেন।
রাষ্ট্রদ্রোহসহ বিভিন্ন অভিযোগে ৭০টি মামলায় সাড়ে তিন বছর জেলে থাকার পর গত ২৩ নভেম্বর জামিনে মুক্তিপান মাহমুদুর রহমান।
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের বিচারকের কথিত স্কাইপ কথোপকথন প্রকাশ এবং রাষ্ট্রদ্রোহের অভিযোগে ২০১৩ সালের ১১ এপ্রিল ঢাকার কারওয়ান বাজারে আমার দেশ কার্যালয় থেকে মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করেছিল পুলিশ।
নাশকতার এই এর আগেও কয়েক দফা শুনানি পেছানো হয়েছে বলে আদালতের পেশকার আবু তাহের জানিয়েছেন।
এজাহার থেকে জানা যায়, ২০১০ সালের ২ জুন আসামিরা মুখ্য মহানগর হাকিম আদালতের সামনে পুলিশের কাজে বাধা এবং গ্রেপ্তার মাহমুদুর রহমানকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ ঘটনায় কোতোয়ালি থানার উপ-পরিদর্শক শাহজাহান মিয়া এ মামলা করেন।
মাহমুদুর রহমান, তার সহযোগী জুলফিকার আলী, শহিদুল ইসলাম ও হাফিজুর রহমানের বিরুদ্ধে ওই বছরের ৩১ ডিসেম্বর অভিযোগপত্র দেওয়া হয়।
মাহমুদুরের আরেক আইনজীবী বেলাল হোসেন জসীম জানান, মাহমুদুরের বিরুদ্ধে ৭১টি মামলা রয়েছে, যার মধ্যে ১১টির বিচার চলছে। অন্য মামলাগুলোর কার্যক্রম উচ্চ আদালতের আদেশে স্থগিত রয়েছে।
