২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামিনে মুক্ত মাহমুদুর রহমান হাসপাতালে ভর্তি

রাষ্ট্রদ্রোহসহ বিভিন্ন অভিযোগে ৭০টি মামলায় সাড়ে তিন বছর জেলে থাকার পর জামিনে মুক্তি পেয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান।

গাজীপুর প্রতিনিধি

জ‌্যেষ্ঠ প্রতিবেদক ও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2016, 02:11 PM

Updated : 20 Aug 2022, 02:19 PM

গাজীপুরের কাশিমপুর কারাগার-২ এর জেলার নাশির আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জামিনের কাগজপত্র হাতে পাওয়ার পর যাচাই বাছাই করে বুধবার দুপুরে তারা মাহমুদুরকে মুক্তি দেন।

ঢাকায় ফেরার পর বিকাল ৪টায় মাহমুদুরকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি ঘাড়ে ও হাতে ব্যথা অনুভব করছেন বলে বিএনপি নেতা শামীমুর রহমান শামীম জানান।

শামীম ছাড়াও বিএনপির ভাইস চেয়ারম্যান এজেডএম জাহিদ হোসেনসহ কয়্জেন কেন্দ্রীয় নেতা এ সময় হাসপাতালে উপস্থিত ছিলেন।

যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের বিচারকের কথিত স্কাইপ কথোপকথন প্রকাশ এবং রাষ্ট্রদ্রোহের অভিযোগে ২০১৩ সালের ১১ এপ্রিল ঢাকার কারওয়ান বাজারে আমার দেশ কার্যালয় থেকে মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। তখন থেকে তিনি কারাগরেই ছিলেন।

গত সাড়ে তিন বছরে প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণের চেষ্টা ও হত্যা ষড়যন্ত্র ছাড়াও বিভিন্ন আইনে প্রায় ৭০টি মামলা হয় বিগত চার দলীয় জোট সরকারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সময় জ্বালানি উপদেষ্টার দায়িত্ব পালন করা মাহমুদুরের বিরুদ্ধে।

বিএনপির ভাইস চেয়ারম্যান এজেডএম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা ফরহাদ হালিম ডোনার, বিএফইউজের একাংশের মহাসচিব রুহুল আমিন গাজী, কলামনিস্ট ফরহাদ মজহার, বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা কারা ফটকে ফুল দিয়ে মাহমুদুরকে স্বাগত জানান।

প্রকৌশলের ছাত্র মাহমুদুরের পেশাজীবনের উত্তরণ ঘটে দেশের অন্যতম বৃহৎ ব্যবসায়ী গ্রুপ বেক্সিমকোর মাধ্যমে। তিনি বিয়ে করেন বিএনপি আমলের সাবেক মন্ত্রী হারুন অর রশীদ খান মুন্নুর মেয়ে ফিরোজা খানকে।

শাইনপুকুর সিরামিকসে প্রধান নির্বাহীর দায়িত্বে থাকা অবস্থায় বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের সময় বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান হন মাহমুদুর। বিএনপি সরকারের শেষভাগে এসে কিছুদিনের জন্য প্রতিমন্ত্রীর মর্যাদায় জ্বালানি মন্ত্রণালয়ের উপদেষ্টা নিযুক্ত হন তিনি।

উপদেষ্টা থাকার দিনগুলোতে বিভিন্ন বিতর্কিত বক্তব্যের জন্য বহুবার সংবাদপত্রের শিরোনামে আসেন মাহমুদুর। মাঝখানে কিছুদিন দেশের বাইরে থাকার পর ১৯৯৯ সালে আরটিসান সিরামিকস নামে নিজের কোম্পানি খোলেন।

উত্তরায় ওই কোম্পানির কার্যালয়েই ২০০৬ সালের ২৪ নভেম্বর রাতে পুলিশসহ জনপ্রশাসনের বেশ কয়েকজন কর্মকর্তাকে বৈঠকে বসেন তিনি। খবর পেয়ে গণমাধ্যমকর্মীরা সেখানে গেলে বৈঠকে যোগ দেওয়া অনেক কর্মকর্তা মুখ ঢেকে ঘটনাস্থল ত্যাগ করেন।

পরে গণমাধ্যমের খবরে বলা হয়, নির্বাচন সামনে রেখে বিএনপি-জামায়াত জোটকে আবারো ক্ষমতায় বসাতেই ওই গোপন বৈঠকের ব্যবস্থা করেন মাহমুদুর। ঘটনাটি সে সময় ব্যাপক আলোচনার জন্ম দেয়। 

এক পর্যায়ে ২০০৮ সালে আর্থিকভাবে দুর্দশাগ্রস্ত আমার দেশের ব্যবস্থাপনার দায়িত্ব নেন মাহমুদুর রহমান। সাংবদিকতার কোনো অভিজ্ঞতা না থাকলেও ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব নেন তিনি।

২০১২ সালের শেষ দিকে ব্রাসেলসভিত্তিক আইন বিশেষজ্ঞ আহমেদ জিয়াউদ্দিনের সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রধান নিজামুল হকের কথিত স্কাইপ কথোপকথন প্রকাশ করে দৈনিক আমার দেশ। কথিত ওই ব্যক্তিগত কথোপকথন পত্রিকায় প্রকাশের ঘটনায় মামলা হলে ২০১৩ সালের এপ্রিলে গ্রেপ্তার করা হয় মাহমুদুর রহমানকে। 

যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ সাজার দাবিতে গণজাগরণ মঞ্চের আন্দোলনের সময় বিভ্রান্তিমূলক সংবাদ প্রকাশের মাধ্যমে ধর্মীয় উস্কানি দিয়ে উন্মাদনা সৃষ্টির অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে।

ধর্মীয় উসকানি দেওয়ার অভিযোগ ওঠার পর আমার দেশের প্রকাশনার অনুমোদনও পরে বাতিল করা হয়।