অ্যাম্বুলেন্স ধর্মঘট স্থগিত
স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে আলোচনায় বসার আশ্বাস পেয়ে অনির্দিষ্টকালের ধর্মঘট স্থগিত করেছেন বেসরকারি অ্যাম্বুলেন্স মালিকরা।
তবে আলোচনার পর দাবি মানা না হলে ১ ফেব্রুয়ারি থেকে ফের ধর্মঘটে যাওয়ার কথা জানিয়েছেন বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক সমবায় সমিতির সভাপতিমোহাম্মদ মমিন আলী।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় আমাদের আশ্বাস দিয়েছেন আজ রাত ১০টায় আমাদের সঙ্গে বসবেন। ধর্মঘট আপাতত স্থগিত করতে বলেছেন তিনি। তাই আমরা ধর্মঘট আপাতত স্থগিত করেছি।
“আজকের বৈঠকের পর আমরা অপেক্ষা করব। আমাদের দাবি পূরণ না হলে ফেব্রুয়ারির ১ তারিখ থেকে আমরা আবার ধর্মঘটে যাব।”
রুট পারমিট দেওয়া, অতিরিক্ত সিলিন্ডার রাখা এবং সিটের সংখ্যা বাড়ানোসহ ৬ দাবিতে শনিবার রাত ১২টা থেকে অনির্দিষ্টকালের ধর্মঘঠের কর্মসূচি ছিল। শনিবার ধর্মঘটের বিষয়টি নিশ্চিত করেছিলেন মমিন আলী।
মালিকদের অন্য দাবিগুলো হলো অ্যাম্বুলেন্সে কালো গ্লাস ও বাম্পার রাখার সুযোগ দেওয়া এবং রংয়ের অজুহাতে অ্যাম্বুলেন্সকে মামলা না করা।
ঢাকা ছাড়াও সারাদেশের অ্যাম্বুলেন্স মালিকদের সংগঠন ধর্মঘটের সঙ্গে একাত্মতা জানিয়েছিল।
বাংলাদেশে সরকারি হাসপাতালগুলোতে অ্যাম্বুলেন্সের সংখ্যা নামমাত্র হওয়ায় স্বাস্থ্যসেবা বেসরকারি অ্যাম্বুলেন্সের উপরই নির্ভরশীল। সারাদেশে বেসরকারি অ্যাম্বুলেন্সের সংখ্যা প্রায় আট হাজার।
