২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্মঘটে অ‌্যাম্বুলেন্স মালিকরা

রুট পারমিট দেওয়া, অতিরিক্ত সিলিন্ডার রাখা এবং সিটের সংখ্যা বাড়ানোসহ ৬ দাবিতে রোববার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট ডেকেছেন বেসরকারি অ্যাম্বুলেন্স মালিকরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2016, 08:22 PM

Updated : 20 Aug 2022, 02:37 PM

ধর্মঘটের বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক সমবায় সমিতির সভাপতি মোহাম্মদ মমিন আলী শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গত ৮ ডিসেম্বর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে ৬ দফা দাবি জানানো হয়েছিল।

“আমরা সেদিন বলেছিলাম, ৩১ তারিখের মধ্যে দাবি পূরণের জন্য। কিন্তু আমরা কারও কাছ থেকে কোনো আশ্বাস পাইনি। তাই আমরা ধর্মঘটে যেতে বাধ্য হলাম। রাত ১২টা ১ মিনিট থেকে আমাদের ধর্মঘট শুরু হবে।”

বাংলাদেশে সরকারি হাসপাতালগুলোতে অ‌্যাম্বুলেন্সের সংখ‌্যা নামমাত্র হওয়ায় স্বাস্থ‌্যসেবায় বেসরকারি অ‌্যাম্বুলেন্সের উপরই নির্ভরশীল। সারাদেশে বেসরকারি অ‌্যাম্বুলেন্সের সংখ‌্যা প্রায় ৮ হাজার।

মমিন আলী বলেন, “আমরা জানি ধর্মঘটের কারণে রোগীরা খুব ভোগান্তিতে পড়বে। কিন্তু আমাদের সামনে আর কোনো পথ নেই। সরকার থেকে যদি আমাদের দাবিগুলো পূরণের আশ্বাস দেওয়া হয়, তাহলে আমরা আমাদের ধর্মঘট প্রত্যাহার করে নেব।”

মালিকদের অন্য দাবিগুলো হলো অ্যাম্বুলেন্সে কালো গ্লাস ও বাম্পার রাখার সুযোগ দেওয়া এবং রংয়ের অজুহাতে অ্যাম্বুলেন্সকে মামলা না করা।

মমিন আলী জানান, অ্যাম্বুলেন্সে বিআরটিএ ৬টি আসনের অনুমোদন দেয়। কিন্তু অনেক সময় রোগীর স্বজনদের সংখ্যা বেশি থাকায় সিট বেশি রাখতে হয়। এছাড়া গ্যাস সঙ্কটের কারণে অতিরিক্ত গ্যাস সিলিন্ডার রাখতে হয়।

অতিরিক্ত আসন এবং গ্যাস সিলিন্ডারের জন্য বিআরটিএর ম্যাজিস্ট্রেট প্রায়ই অ‌্যাম্বুলেন্স আটক করে মামলা দেয় বলে অভিযোগ করেন তিনি।

“লেগুনাসহ যাত্রীবাহী সব গাড়ির রুট পারমিট আছে। সেসব গাড়িকে রুট পারমিট দিলেও আমাদের দেওয়া হয় না। অনেক সময় রোগীদের প্রাইভেসি রক্ষার জন্য কালো গ্লাস রাখতে হয়। কিন্তু এসব অজুহাতে আমাদের গাড়ির বিরুদ্ধে মামলা করা হয়। পুলিশ খুবই হয়রানি করে।”

ঢাকা ছাড়াও সারাদেশের অ্যাম্বুলেন্স মালিকদের সংগঠন তাদের ডাকা ধর্মঘটের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে বলে জানান মমিন আলী।