বর্ণিল উৎসবে শিশুদের হাতে নতুন বই
লাল-সুবজ কাপড়ে তৈরি মঞ্চ, চারদিকে উড়ছে শত শত রঙিন বেলুন। এমন উৎসবের আবহে বছরের প্রথম দিন নতুন বই হাতে নিল স্কুল শিক্ষার্থীরা।
রোববার সকাল ৯টায় রাজধানীর আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ মাঠে শিক্ষা মন্ত্রণালয় কেন্দ্রীয়ভাবে পাঠ্যপুস্তক উৎসব করে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়।
শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে উৎসবের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। অনুষ্ঠানে যোগ দেয় ঢাকার ৩১টি বিদ্যালয়ের পাঁচ হাজার শিক্ষার্থী।
শিক্ষামন্ত্রী সকালে আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজে উপস্থিত হলে সুসজ্জিত বাদক দল বাজনার তালে তালে তাকে স্বাগত জানিয়ে মূল মঞ্চে নিয়ে যায়। জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় উৎসব।
শিক্ষার্থীরা অতিথিদের উত্তরীয় পড়ানোর পর স্বাগত বক্তব্য দিয়ে পাঠ্যপুস্তক উৎসবের উদ্বোধন করেন নাহিদ।
টানা অষ্টমবারের মত প্রাথমিক ও মাধ্যমিক স্তরের সব শিক্ষার্থীদের বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করছে সরকার। সারাদেশের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে সকাল থেকে বই বিতরণ হচ্ছে।
গত শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে কয়েকজন শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দিয়ে ২০১৭ শিক্ষাবর্ষে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন।
সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের ব্রেইল বই, পাঁচটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিশুদের তাদের নিজেদের ভাষায় লেখা প্রাক-প্রাথমিকের বই ও শিক্ষা উপকরণ এবং শিক্ষকদের শিক্ষক নির্দেশিকা দেওয়া হচ্ছে।
এবার প্রাথমিকের সব বইয়ের পেছনের প্রচ্ছদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বই বিতরণের ছবি ছাপানো হয়েছে।
আট বছরে প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ২২৫ কোটি ৪৫ লাখ ১১ হাজার ৭৫০টি বই করেছে শেখ হাসিনার সরকার।
বই বিতরণ
সাল | বই ও শিক্ষা উপকরণের সংখ্যা |
২০১০ | ১৯,৯০,৯৬,৫৬১ |
২০১১ | ২৩,২২,২১,২৩৪ |
২০১২ | ২২,১৩,৬৬,৩৮৩ |
২০১৩ | ২৬,১৮,০৯, ১০৬ |
২০১৪ | ৩১,৭৭,২৫,৫২৬ |
২০১৫ | ৩২,৬৩,৪৭,৯২৩ |
২০১৬ | ৩৩,৩৭,৬২,৭৭২ |
২০১৭ | ৩৬,২১,৮২,২৪৫ |
মোট | ২২৫,৪৫,১১,৭৫০ |
অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, “আগে তিন মাসেও বাচ্চারা বই হাতে পেত না, অনেকেই ঝরে পড়ত। এখন বছরের প্রথম দিনই শিক্ষার্থীরা বই পেয়ে খুশি হয়।
“এক সময় ৩৮ শতাংশ শিক্ষার্থী পঞ্চম শ্রেণির আগে এবং ৪২ শতাংশ নবম শ্রেণি পার না হয়েই ঝরে পড়ত। আমাদের এই পাঠ্যপুস্তক উৎসব শুধু দেশে নয়, বিশ্বব্যাপীও বৃহৎ কর্মসূচি, ভারতের রাষ্ট্রপতি একথা বলেছেন।”
আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার শিক্ষাখাতের উন্নয়নে যেসব পদক্ষেপ নিয়েছে, বক্তব্যে দীর্ঘসময় নিয়ে সেসব তুলে ধরেন শিক্ষামন্ত্রী।
পরে মঞ্চ থেকে নেমে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন নাহিদ। শিক্ষার্থীরাও হাসিমুখে মন্ত্রীর সঙ্গে কথা বলে, হৈ-হুল্লোড়ে মেতে ওঠে। অনেককে মন্ত্রীর সঙ্গে ছবির তোলে।
“মন্ত্রীর কাছ থেকে বই পেয়ে অনেক অনেক ভালো লাগছে, কোনোদিন এত কাছ থেকে কোনো মন্ত্রীকে দেখিনি।”
গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলের তৃতীয় শ্রেণিতে পড়ুয়া ছেলেকে নিয়ে উৎসবে এসেছেন মেহেদী হাসান। আগের দুই বছরের এবারও বছরের প্রথম দিন ছেলে নতুন বই পাওয়ায় ছেলের সঙ্গে তিনিও খুশি।
“অবশ্যই ভালো লাগছে, ছেলেও অনেক খুশি,” বলেন তিনি।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত সচিব মো. আলমগীর, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক এস এম ওয়াহিদুজ্জামান, এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক নারায়ণ চন্দ্র সরকার, ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মাহবুবুর রহমান এবং আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আসিনুর রহমান এই অনুষ্ঠানে বক্তব্য দেন।
