২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রস্তুত বই, উৎসবের অপেক্ষা

টানা অষ্টমবারের মত প্রাথমিক ও মাধ্যমিক স্তরের সব শিক্ষার্থীদের বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণে সব প্রস্তুতি শেষ করেছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শহীদুল ইসলাম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2016, 12:56 AM

Updated : 11 Oct 2022, 09:31 PM

পুরনো খবর:

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৫ ভাষায় আসছে প্রাক প্রাথমিকের বই
পাঠ‌্যবইয়ে প্রধানমন্ত্রীর ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার গণভবনে কয়েকজন শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দিয়ে ২০১৭ শিক্ষাবর্ষে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন।

আর বছরের প্রথম দিন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে উৎসবের মধ্য দিয়ে ৪ কোটি ৩৩ লাখ ৫৩ হাজার ২০১ জন শিক্ষার্থীর হাতে এবার ৩৬ কোটি ২১ লাখ ৮২ হাজার বই ও শিক্ষা উপকরণ বিতরণ করা হবে।

শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে ঢাকায় হবে দুটি কেন্দ্রীয় অনুষ্ঠান।

এ বছর সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের ব্রেইল বই, পাঁচটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিশুদের নিজেদের ভাষায় লেখা প্রাক-প্রাথমিকের বই ও শিক্ষা উপকরণ এবং শিক্ষকদের শিক্ষক নির্দেশিকা দেওয়া হবে বলে এনসিটিবি চেয়ারম্যান অধ্যাপক নারায়ণ চন্দ্র সাহা জানিয়েছেন।

শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “স্কুলে স্কুলে বই পৌঁছে গেছে। বছরের প্রথম দিন উৎসবের মধ্য দিয়ে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের সব শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেওয়া হবে, সব ধরনের প্রস্তুতিও শেষ।”

এবার ৯ হাজার ৭০০ ব্রেইল বই এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিশুদের নিজেদের ভাষায় প্রাক-প্রাথমিকের ৫১ হাজার ৭৮২টি বই এবং ২৫ হাজার ২১৮টি শিক্ষা উপকরণ বিতরণ করা হবে বলে জানান অধ্যাপক নারায়ণ।

এছাড়া এবার প্রাথমিকের সব বইয়ের পেছনের প্রচ্ছদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বই বিতরণের ছবি ছাপানো হয়েছে বলেও জানান তিনি।

গত সাত বছরে প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ১৮৯ কোটি ২৩ লাখ ২৯ হাজার ৫৫০টি বই ও শিক্ষা উপকরণ বিতরণ করেছে আওয়ামী লীগ সরকার।

নতুন বছরের প্রথম দিন ৩৬ কোটি ২১ লাখ ৮২ হাজার ২৪৫টি বই ও শিক্ষা উপকরণ মিলিয়ে মোট ২২৫ কোটি ৪৫ লাখ ১১ হাজার ৭৫০টি বই বিতরণ করতে যাচ্ছে শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকার।

বই বিতরণ

সাল

বই ও শিক্ষা উপকরণের সংখ্যা

২০১০

১৯,৯০,৯৬,৫৬১

২০১১

২৩,২২,২১,২৩৪

২০১২

২২,১৩,৬৬,৩৮৩

২০১৩

২৬,১৮,০৯, ১০৬

২০১৪

৩১,৭৭,২৫,৫২৬

২০১৫

৩২,৬৩,৪৭,৯২৩

২০১৬

৩৩,৩৭,৬২,৭৭২

২০১৭ (বিতরণ হবে)

৩৬,২১,৮২,২৪৫

মোট

২২৫,৪৫,১১,৭৫০

এনসিটিবি কর্মকর্তারা জানান, এবার ৯ হাজার ৭০৩ জন দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে ব্রেইল বই এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ২৪ হাজার শিশুদের তাদের নিজেদের ভাষায় লেখা বই দেওয়া হবে।

এর আগে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে স্বল্প পরিসরে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের ব্রেইল বই দেওয়া হলেও এবার এনসিটিবির মাধ্যমে এই বই দেওয়া হবে।

প্রাক-প্রাথমিক এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিশুদের বইয়ের বাইরেও অনুশীলন খাতা, গল্পের বই, ব্যঞ্জনবর্ণ ও স্বরবর্ণের চার্ট, ফ্লিপ চার্ট, ফ্ল্যাশ কার্ডসহ আট ধরনের পঠন-পাঠন সামগ্রী দেওয়া হবে।

ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের নিজেদের ভাষায় ২০১৮ সালে প্রথম শ্রেণির এবং পরের বছর দ্বিতীয় শ্রেণির বই দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে এনসিটিবির একজন কর্মকর্তা জানিয়েছেন।

কেন্দ্রীয় দুই উৎসব

শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবারও আলাদা আলাদা স্থানে কেন্দ্রীয়ভাবে পাঠ্যপুস্তক উৎসব পালন করবে।

১ জানুয়ারি সকাল সাড়ে ৯টায় আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ মাঠে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তক উৎসবের উদ্বোধন করবেন। এই উৎসবে যোগ দেবে ঢাকার ৩১টি বিদ্যালয়ের ৫ হাজার শিক্ষার্থী।

এনসিটিবির আয়োজনে এই উৎসবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আলমগীর, এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক নারায়ণ চন্দ্র সাহার উপস্থিত থাকার কথা রয়েছে।

অন্যদিকে ১ জানুয়ারি সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে প্রাথমিক স্তরের পাঠ্যপুস্তক উৎসবের উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার।

এই অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোতাহার হোসেন, প্রাথমিক ও গণশিক্ষা সচিব আসিফ-উজ-জামান উপস্থিত থাকবেন বলে গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।

২০১৫ সালে দুই মন্ত্রণালয় মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে একইসঙ্গে পাঠ্যপুস্তক উৎসবের আয়োজন করে। কিন্তু অব্যবস্থাপনার জন্য ওই উৎসবে বিশৃঙ্খলার সৃষ্টি হওয়ায় এর পর থেকে দুই মন্ত্রণালয় আলাদা আলাদা স্থানে পাঠ্যপুস্তক উৎসব পালন করে।

প্রাথমিকের শিক্ষার্থীদের স্বল্প পরিসরে অনেক আগে থেকেই বই দেওয়া হলেও ২০১০ সাল থেকে সরকার প্রথম থেকে নবম শ্রেণির সব শিক্ষার্থীদের বিনামূল্যে বই দিয়ে আসছে।