২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুপেয় পানি সরবরাহে দূষণমুক্ত রাখবে হবে নদী: পানিসম্পদ মন্ত্রী

দেশের মানুষের জন্য সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করতে নদীর পানিকে দূষণ মুক্ত রাখার ওপর গুরুত্বারোপ করে এ ব্যাপারে সবাইকে সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2016, 07:53 PM

Updated : 11 Oct 2022, 09:30 PM

বুধবার রাজধানীর পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) মিলনায়তনে ‘জাতীয় পানি সম্মেলন ২০১৬’ এর উদ্বোধনী অনুষ্ঠানে অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।

দুই দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করেন মন্ত্রী বলেন, “সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করতে সরকার একটি সামগ্রিক পানি ব্যবস্থাপনা গ্রহণ করতে যাচ্ছে। আমরা নদী ব্যবস্থাপনায় জোর দেওয়ার চেষ্টা করছি। এটা এখন সরকারের প্রধান লক্ষ্যগুলোর একটি।

“আমরা দেশের সকল নদীর ড্রেজিং করতে চাচ্ছি। খাল-বিলেও পানি ধরে রাখার মতো যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে যাচ্ছি। আমার প্রধান কথা হচ্ছে, নদীর পানি দূষন থেকে মুক্ত থাকার জন্য দেশের সকল মানুষকে সতর্ক হতে হবে।”

যথাযথ ব্যবস্থা নেওয়া হলে বৃষ্টির পানি ধরে রেখে কৃষিতে ব্যবহার করা যাবে বলেও আশা প্রকাশ করেন পানিসম্পদ মন্ত্রী আনিসুল।

“আমরা যদি যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে পারি, তাহলে বৃষ্টির পানি ধরে রেখে কৃষিতে ব্যবহার করা যাবে। আমরা কৃষি কাজে বৃষ্টির পানি ও মাটির নীচের পানির সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে পারি সেজন্য একটি সুষম নীতি গ্রহণ করতে হবে।”

তিনি বলেন, “আমাদের সুপেয় পানি সরবরাহের সাথে জড়ি হচ্ছে স্যানিটেশন। আমরা দূষণমুক্ত উপায়ে স্যুয়ারেজ করতে না পারলে এটা হবে অনেক বড় সমস্যা। এটাই আমাদের স্বাস্থ্য খাতের জন্য সবচেয়ে বড় হুমকি। আজকে ঢাকায় হচ্ছে, অন্যান্য জায়গায়ও আরম্ভ হবে। সুয়ারেজ ট্রিটমেন্ট করতে না পারলে আমরা নদীর পানি দূষণ থেকে আমরা বাঁচতে পারব না।”

Image
আনিসুল ইসলাম মাহমুদ (ফাইল ছবি)

আনিসুল ইসলাম মাহমুদ (ফাইল ছবি)

তিস্তা ও গঙ্গা নদী থেকে পাওয়া পানি এখনও দেশের সেচকাজে পুরোপুরিভাবে ব্যবহার করা হয় না বলে জানান পাচ্ছি মন্ত্রী আনিসুল।

তিনি বলেন, “আমি এখন যে পরিমাণে তিস্তার পানি পাচ্ছি তা দিয়ে আমরা এখন সোয়া এক লাখ হেক্টর জমিতে পানি দেই। অথচ আমরা তা দিয়ে সাড়ে চার লাখ হেক্টর জমিতে পানি দিতে পারি। কিন্তু আমরা কি তার ব্যবহার করছি? আমরা গঙ্গা থেকে যে পানি পাই তা বঙ্গোপসাগরে চলে যাচ্ছে।”

এ পানি ব্যবহারের জন্য একটি বাঁধের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে জাতীয় পার্টির এই সংসদ সদস্য বলেন, তাহলে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় এলাকার লবণাক্ততাও কমে যাবে।

এসময় মন্ত্রী আনিসুল আরও বলেন, “ভারতের সঙ্গে গঙ্গার পানি চুক্তি হয়েছে ত্রিশ বছরের জন্য। এখন চুক্তি নবায়ন করার সময় ভারত সরকার যদি আমাকে প্রশ্ন করে- তোমাকে যে পানি দিচ্ছি তা তো তুমি ব্যবহার করছ না। পানি পাওয়া আমার অধিকার হলেও এই প্রশ্ন সে করতে পারে।”

অনুষ্ঠানের সঞ্চালক পিকেএসএফ চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, “আমাদের পানি বেশি হলে বন্যা হয়, আবার কম হলে মানুষ ধুকে ধুকে মরে, দুদিকেই সমস্যা। এসমস্যা সমাধানের চেষ্টা করতে হবে।”

পানির কম-বেশি সংক্রান্ত এই সমস্যা একেক এলাকায় একেক ধরনের হওয়ায় সমন্বিতভাবে তা সমাধানের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি বলেন, “পানির সঙ্গে দারিদ্র্যের একটা ঘনিষ্ট সম্পর্ক রয়েছে। কৃষক পানি না পেলে তাদের দারিদ্র্যতা বাড়ে। আবার যখন বন্যা হয় তখনও দারিদ্র্য বাড়ে।”

পিকেএসএফ চেয়ারম্যানের সঞ্চালনায় অনুষ্ঠানে পিকেএসএফ ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল করিম, এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ এর নির্বাহী পরিচালক এসএমএ রশিদ ও বাংলাদেশ উন্নয়ন পরিষদের নির্বাহী পরিচালক ড. নিলুফাল বানু বক্তব্য রাখেন।