আদালতের আদেশে তিন ডজন ওয়ার্ডে ভোট স্থগিত
জেলা পরিষদে ভোটের আগের দিন আদালতের আদেশে ২১ জেলার ৩৪টি ওয়ার্ডের ভোট স্থগিত হয়েছে। এরমধ্যে চেয়ারম্যান পদে ভোট স্থগিত হয়েছে বগুড়ায়।
নির্বাচন কমিশনের উপ-সচিব ফরহাদ আহাম্মদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এসব এলাকায় অনেকে হাই কোর্টে রিট করে রুল ও অন্তর্বর্তীকালীন আদেশে পেয়েছেন।
“এ অবস্থায় পরবর্তী সিদ্ধান্ত না পাওয়া পর্যন্ত সংশ্লিষ্ট এলাকার ভোট স্থগিত থাকছে।”
কমিশনের আইন শাখার কর্মকর্তারা জানিয়েছেন, হাই কোর্টের আদেশ স্থগিত চেয়ে সিএমপি (সিভিল মিসসেলেনিয়াস পিটিশন) দায়ের করা হয়েছে, যার ওপর শুনানির জন্য ৫ জানুয়ারি দিন রয়েছে।
প্রথমবারের মতো আয়োজিত জেলা পরিষদ নির্বাচনে বুধবার সকাল ৯টা থেকে ভোট দিচ্ছেন স্থানীয় সরকারের সবগুলো প্রতিষ্ঠানের নির্বাচিত জনপ্রতিনিধিরা। ভোট চলবে দুপুর ২টা পর্যন্ত।
এ নির্বাচনে প্রতিটি ওয়ার্ডের জন্য একটি করে ভোট কেন্দ্র রয়েছে। মোট কেন্দ্র ৮৩৬টি।
যেসব ওয়ার্ডে ভোট স্থগিত
সাতক্ষীরার ৯, ১২ ও ১৩; যশোরের ২, ৩, ৯, সিলেটের ৩, ৯, ৮, ১৪; পাবনার ৭; মাগুরার ১১; মুন্সীগঞ্জের ৭; হবিগঞ্জের ১২; কক্সবাজারের ৩, ৪; কুড়িগ্রামের ৩, ৬, ১০; গাইবান্ধার ৮, ১০; নোয়াখালীর ২, ৪, ৬, ৯; ব্রাহ্মণবাড়িয়ার ১, ৩; চট্টগ্রামের ১৩; বাগেরহাটের ১; বগুড়ার ৬, ১২, ১৪; কুষ্টিয়ার ১ এবং খুলনার ১৪ নম্বর ওয়ার্ড।
