২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরের ৪ সদস্য পদের নির্বাচন স্থগিত

যশোর জেলা পরিষদে চার সদস্য পদে নির্বাচন স্থগিত করা হয়েছে; ভোট চলছে বাকি ১৬টি পদে। আর চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ইতোমধ্যেই।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2016, 10:42 AM

Updated : 20 Aug 2022, 02:36 PM

জেলা নির্বাচন কর্মকর্তা তারেক আহম্মেদ জানান, মঙ্গলবার রাতে হাই কোর্টের নির্দেশনা পাওয়ার পর রাত সাড়ে ৪টার দিকে নির্বাচন স্থগিতের বিজ্ঞপ্তি জারি করা হয়।

কয়েকজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হওয়ায় তারা আদালতে আপিল করেছিলেন। বিষয়টির মীমাংসা না হওয়ায় চারটি সদস্য পদের নির্বাচন স্থগিত করা হয়েছে।

যেসব পদে ভোট স্থগিত হয়েছে সেগুলো হচ্ছে - ৯ ও ৩ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য পদ, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত সদস্য পদ।

নির্বাচন কর্মকর্তা তারেক বলেন, “পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হওয়ায় তারা খুলনার আদালতে আপিল করেন। সেখানে বাতিল বহাল থাকায় তারা হাই কোর্টে আপিল করেন।

“হাইকোর্ট প্রার্থিতা ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেয়। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করেছে নির্বাচন কমিশন। এ কারণে ওই ওয়ার্ডগুলোর নির্বাচন স্থগিত রাখা হয়েছে।”

সংরক্ষিত ২ নম্বর ওয়ার্ডের কামরুন্নাহার শাহিনের বিষয়ে শুনানি দিন আগামী ৫ জানুয়ারি আর অন্য চারজনের বিষয়ে শুনানির দিন হাইকোর্ট এখনও ঠিক করেনি বলে জানান নির্বাচন কর্মকর্তা।

মনোনয়ন পত্র বাতিল হওয়া প্রার্থীরা হচ্ছেন - সাধারণ সদস্য পদে ৯ নম্বর ওয়ার্ডের মনিরুল ইসলাম ও ৩ নম্বর ওয়ার্ডে ইকবাল আহমেদ; সংরক্ষিত সদস্য পদে ২ নম্বর ওয়ার্ডের কামরুন্নাহার শাহিন ও নাজনিন নাহার এবং ৩ নম্বর ওয়ার্ডে সৈয়দ জারিন রহমান।

যশোর জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে নির্বাচন হচ্ছে। শাহ হাদীউজ্জামান বিনাপ্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ইতোমধ্যেই।

এ জেলায় ১৫ জন সাধারণ ওয়ার্ড সদস্য ও ৫ জন সংরক্ষিত আসনের মহিলা সদস্য নির্বাচিত করবেন ১৩১৪ জনপ্রতিনিধি। সদস্য পদে লড়ছেন ৬৯ প্রার্থী। সাধারণ সদস্য পদে ৫৮ জন আর সংরক্ষিত সদস্য পদে লড়ছেন ১১ জন।