কর্তব্য পালনে সরকারি কর্মকর্তাদের আরও নিবেদিত হওয়ার আহ্বান
সরকারি কর্মকর্তাদের দেশের ভবিষ্যৎ নির্মাণের কারিগর হিসেবে অভিহিত করে কর্তব্য পালনে তাদের আরও নিবেদিত হওয়ার আহ্বান জানিয়েছেন শহীদ বুদ্ধিজীবীর সন্তান ডা. নুজহাত চৌধুরী।
মঙ্গলবার রাজধানীর আগারগাঁও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) মিলনায়তনে বিজয় দিবস উদযাপন উপলক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ (আইসিটি) আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিখ্যাত চক্ষু বিশেষজ্ঞ শহীদ বুদ্ধিজীবী ডা. আবদুল আলীম চৌধুরীর মেয়ে আইসিটি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশে বলেন, আপনার একটি কলমের সই, আপনার একটি সিদ্ধান্ত বাংলাদেশের কোটি কোটি তরুণ প্রজন্মের ভবিষ্যৎ গড়ে দিতে পারে।
"আমি আপনাদের স্মরণ করিয়ে দিতে এসেছি যে আপনার প্রতিটি কলমের কালিতে ৩০ লাখ লোকের রক্ত নিসৃত হয়। আপনার ওই কালির, ওই কলমের সইয়ের খোঁচাটুকুর জন্য আমাদের বাবারা আত্মত্যাগ করে গেছেন।"
নুজহাত চৌধুরী আরও বলেন, "ক্ষমতা চিরকাল থাকে না, আপনাদেরও একদিন অবসর নিতে হবে, এই চেয়ারটি কাউকে ছেড়ে দিয়ে যেতে হবে যাবার আগে।
"বার্ধক্য নিপীড়িত শেষ বয়সে আপনি যেন একটি সমৃদ্ধশীল বাংলাদেশের দিকে তাকিয়ে ভাবতে পারেন, আমি একটি ভাল সিদ্ধান্ত নিয়েছিলাম। আমার চেয়ারে বসে আমি ৩০ লাখ শহীদের রক্তের সাথে বেইমানি করিনি, আমার চেয়ারে বসে বাংলাদেশবিরোধী কারো হাতে কিছু তুলে দেইনি।"
উপস্থিত সরকারি কর্মকর্তাদের উদ্দেশে নুজহাত বলেন, "শহীদদের রক্তের ঋণ আমাদের কাজ দিয়ে শোধ করে যেতে হবে। আমি দাবি করতে চাই, আপনাদের কলম দিয়ে, সিদ্ধান্ত দিয়ে কোনো যুদ্ধাপরাধী যেন কখনো সুবিধা না পায়।"
ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় কমিটি সদস্য এবং প্রজন্ম একাত্তরের সংগঠক ডা. নুজহাত চৌধুরী বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চক্ষু বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে নিয়োজিত আছেন।
'সুখি সমৃদ্ধ বাংলাদেশ গঠনের লক্ষ্যে ডিজিটাল প্রযুক্তির সর্বজনীন ব্যবহার এবং মুক্তিযুদ্ধ' শীর্ষক এই আলোচনা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
প্রতিমন্ত্রী তার বক্তব্যে উপস্থিত সরকারি কর্মকর্তা ও সাংবাদিকদের উদ্দেশে বলেন, আমাদের প্রত্যেককেই সজাগ থাকতে হবে, যেন আমাদের দায়িত্ব ও কর্তব্যে কখনো তিল পরিমাণ অবহেলা না হয়, যেন আমাদের শহীদদের আত্মা কষ্ট না পায়, তাদের আত্মত্যাগ যেন বৃথা না যায়।
এই অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শ্যাম সুন্দর শিকদার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক বনমালী ভৌমিক ছাড়াও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
