কৃষি জমি রক্ষায় আইনের সুপারিশ গৃহায়নমন্ত্রীর
কৃষি ভূমিতে বাড়ি তৈরিকে ‘ক্রাইম’ মন্তব্য করে এসব জমি রক্ষায় নতুন আইন প্রণয়নের তাগিদ দিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন।
সচিবালয়ে মঙ্গলবার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের ‘খাদ্য নিরাপত্তায় কৃষিজমি রক্ষাকল্পে পরিকল্পিত গ্রাম-নগর ও গৃহায়ন’ বিষয়ক জাতীয়ভিত্তিক সুপারিশ প্রদান অনুষ্ঠানে মন্ত্রী এই সুপারিশ করেন।
জনসংখ্যা বাড়ায় পরিকল্পিত আবাসনের উপর জোর দিয়ে মোশাররফ বলেন, “কোনো বাড়িতে এখন যে আছে সে হয়ত আমেরিকা চলে গেছে বা কেউ দুবাই গিয়ে ইনকাম করে এনে দেশে অন্য জায়গায় বাড়ি করে।
“সে ধানি জমি নষ্ট করে বাড়ি করতেছে। দিজ ইজ এ ক্রাইম, আমি বলব। এটা খাদ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীকে বলেছি, সংসদে আইন করে ধানি জমি, কৃষি জমি রক্ষায় আইন পাস করতে হবে।”
কৃষি জমিতে বাড়ি করতে হলে অবশ্যই ইউএনও বা সংশ্লিষ্ট অন্য কারও কাছ থেকে অনুমতি নেওয়ার নিয়ম করার তাগিদ দেন মোশাররফ।
“এভাবে যদি ধানি জমি নষ্ট হয় তাহলে আমরা খাদ্যে যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি তা আর হবে না। সরকারের উচিৎ হবে ভবিষ্যতে যেন ধানি জমিগুলোকে নষ্ট না করে। ধানি জমিতে কোনো ইটের ভাটা যেন না হয়।”
মানুষ বাড়ার সঙ্গে সঙ্গে যে কৃষি জমি কমে যাচ্ছে নিজের অভিজ্ঞতা থেকেই তার বিবরণ তুলে ধরেন চট্টগ্রামে সাগরপাড়ের উপজেলা মিরসরাইয়ের বাসিন্দা মোশাররফ।
“সত্তর সালে নির্বাচনের সময় শুধু ধান ক্ষেত দেখেছি, বিল দেখেছি, ঘরবাড়ি কম দেখছি, মানুষ এত ছিল না। মানুষ অনেক বেড়েছে, কৃষি জমি কমে গেছে। কৃষি জমি একেবারে সঙ্কুচিত হয়ে গেছে।”
শুধু ইট দিয়ে বাড়ি নির্মাণ না করে আধুনিক প্রযুক্তিগুলো ব্যবহারের পরামর্শ দিয়ে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী বলেন, নির্মাণের সামগ্রী শুধু ইট দিয়ে হয় এটা ঠিক না। … নদীতে অনেক বালু আছে। ড্রেজিং করে ক্লে (কাদা) নিয়ে ইট তৈরি করতে পারব।
“সহজে আমরা উপরিভাগের মাটি নিয়ে ইট তৈরি করছি, এটা একটা ক্রাইম। ইউএনওদের এটা দেখা উচিত এবং টোটালি বন্ধ করে দেওয়া উচিত।”
জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষকে গ্রামের দিকেও মনোযোগী হতে পরামর্শ দেন মন্ত্রী।
পরিকল্পিত গ্রাম গড়ায় চীনের উদাহরণ দিয়ে তিনি বলেন, “সব বাড়ি তুলে দিয়ে সবাইকে এক জায়গায় নিয়ে এসেছে, সেখানে অ্যাপার্টমেন্ট দিয়েছে, বিনোদনের জায়গা করেছে। মার্কেট, স্কুল-কলেজ করে দিয়েছে। আগের ওই বাড়িতে তারা চাষ করছে।”
বাংলাদেশের গ্রামগুলোতে এ ধরনের উদ্যোগ নেওয়ার আগ্রহের কথা জানান মোশাররফ।
“দ্যাট ভিলেজ উয়িল বি এ ইকো-ফ্রেইন্ডলি ভিলেজ। আমাকে একটা ইউনিয়ন দেন আমার ন্যাশনাল হাউজিং অথরিটি থেকে করে দেখাই। একটা পয়সাও সরকার থেকে নেব না।”
“একদিকে চলে আসতে হবে। সেখানে বাজার হল, সব হল, সেখানে ব্যবসা-বাণিজ্য সব চলল। বাকি সব ক্ষেত, পুকুর এবং বিনোদন কেন্দ্র। কত সুন্দর লাগবে দেখেন। চায়না তাই করেছে। আজকে এটা বলছি, অনেকে হাসতেছে; কিন্তু এটা একদিন হবে।”
খাদ্য নিরাপত্তায় কৃষি জমি রক্ষা, পরিকল্পিত গ্রাম ও নগর বিষয়ক, জাতীয় গৃহায়ন বিষয়ক এবং শহরাঞ্চলে নির্মাণ নকশা অনুমোদনে স্বচ্ছতা প্রতিষ্ঠায় অর্ধশতাধিক সুপারিশ মন্ত্রীর কাছে উপস্থাপন করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আখতার হোসেন, রাজউকের সদস্য মো. আব্দুর রহমান, আইডিইবি’র সভাপতি এ কে এম এ হামিদ ও সাধারণ সম্পাদক মো. শামসুর রহমান প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
