২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সন্ধ‌্যায় গণভবনে যাচ্ছেন আইভী

টানা দ্বিতীয় মেয়াদে মেয়র নির্বাচিত হওয়ার পরদিন প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান শেখ হাসিনার সঙ্গে দেখা করতে যাচ্ছেন নারায়ণগঞ্জের আওয়ামী লীগ নেতা সেলিনা হায়াৎ আইভী।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2016, 03:33 PM

Updated : 20 Aug 2022, 02:32 PM

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নারায়ণগঞ্জের নতুন মেয়র শুক্রবার সন্ধ্যা ৬টায় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গণভবনে যাবেন।”

গত ১৩ বছর ধরে নারায়ণগঞ্জের পৌর চেয়ারম‌্যান ও সিটি মেয়রের দায়িত্ব পালন করে আসা আইভীকে আরও পাঁচ বছরের জন‌্য সেই ভার দিয়েছে নগরবাসী।   

বৃহস্পতিবার সুষ্ঠু ও গোলযোগহীন নির্বাচনে বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন খানকে তিনি পরাজিত করেছেন ৭৯ হাজার ভোটের ব‌্যবধানে।

নির্বাচনে নৌকা প্রতীকে আইভী পেয়েছেন এক লাখ ৭৫ হাজার ৬১১ ভোট। আর সাখাওয়াত হোসেন খান ধানের শীষে পেয়েছে ৯৬ হাজার ৪৪ ভোট।

বিজয় নিশ্চিত হয়ে যাওয়ার পর বৃহস্পতিবার রাতে সমর্থকদের সামনে এসে আইভী বলেন, “আমি আগেই বলেছিলাম বিজয়ের মাস ডিসেম্বরে আরেকটি বিজয় হবে। সত্যি হয়েছে। এ বিজয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মুক্তিযুদ্ধের শহীদদের নামে উৎসর্গ করলাম।”

সেই সঙ্গে প্রধানমন্ত্রী ও নারায়ণগঞ্জের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আইভী বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের জনগণের প্রতি যে আস্থা ও বিশ্বাসের সহিত এই নৌকা প্রতীক দিয়েছিল, নারায়ণগঞ্জের মানুষ সেই আস্থা ও বিশ্বাস রেখেছে।”

পাঁচ বছর আগে নির্দলীয়ভাবে অনুষ্ঠিত নির্বাচনে বিএনপির বর্জনের মধ্যে আওয়ামী লীগের নেতা এ কে এম শামীম ওসমানকে এক লাখের বেশি ভোটে হারিয়ে বাংলাদেশের প্রথম নারী মেয়র হয়েছিলেন আইভী।

এবার নির্বাচনের আগে দলীয় মনোনয়নের জন‌্য নারায়ণগঞ্জ থেকে যে তিনজনের নাম প্রস্তাব করা হয়, সেখানে আইভীর নামই ছিল না। কিন্তু আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় আইভীকেই মনোনীত করা হয়।  

তারপরও সেলিনা হায়াৎ আইভীর বিরোধিতায় সরব থাকা শামীমকে গণভবনের এক বৈঠকে শেখ হাসিনা এই সতর্ক করে দেন বলে সংবাদমাধ‌্যমে খবর আসে সে সময়।  

আইভীর বাবা প্রয়াত আলী আহমেদ চুনকা স্বাধীনতার পর নারায়ণগঞ্জ পৌরসভার প্রথম চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। চিকিৎসক হিসাবে পেশাজীবন শুরুর পরপরই ১৯৯৪ সালে আইভী উচ্চশিক্ষার জন‌্য নিউজিল্যান্ডে চলে যান।

সেখান থেকে ২০০২ সালে ফিরে পরের বছর বিপুল ভোটে নারায়ণগঞ্জ পৌরসভার প্রথম নারী চেয়ারম্যান হন আলী আহমেদ চুনকার মেয়ে আইভী। পৌরসভা থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন হওয়ার পর ২০১১ সালে মেয়র নির্বাচিত হন। 

নগর আওয়ামী লীগের স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক হিসাবে আওয়ামী লীগের রাজনীতি শুরু করা আইভী এখন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি।