বিএমএ নেতৃত্বে জালাল-এহতেশাম
বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) নির্বাচনে সরকারপন্থি স্বাধীনতা চিকিৎসক প্যানেল সবকটি পদে জয় পেয়েছে।
বৃহস্পতিবার দিনব্যাপী ভোটের পর রাতে অনানুষ্ঠানিক এই ফল জানা যায়।
বিএনপি ও জামায়াতপন্থি চিকিৎসকের বর্জনের মধ্যে এই ভোটে স্বাধীনতা চিকিৎসক প্যানেলের প্রতিদ্বন্দ্বী ছিল বাম ধারার রাজনীতিতে আস্থাশীল চিকিৎসকদের একটি গ্রুপ।
বিএমএ নির্বাচন কমিশনের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সভাপতি পদে ২১ হাজার ১০৩ ভোট পেয়েছেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের প্রার্থী ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডা. এসএম ফজলুর রহমান পেয়েছেন ১০২২ ভোট।
সাধারণ সম্পাদক পদে ডা. এহতেশামুল হক চৌধুরী দুলাল পেয়েছেন ১৯ হাজার ৩২৯ ভোট, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডা. শাকিল আকতার পেয়েছেন এক হাজার ৬৪১ ভোট।
বিএমএ ৪২ সদস্যের নির্বাহী কমিটিতে আটজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন।
বিএমএতে চার বছর পর হওয়া এই নির্বাচনের ফল আনুষ্ঠানিকভাবে আগামী শনিবার প্রকাশ করা হবে।
এর আগে সকাল ৮টায় ঢাকার বিএমএ ভবন ও অন্যান্য শহরে ভোট শুরু হয়ে শেষ হয় বিকাল ৪টায়। ঢাকায় ১৩ হাজার ৭০৪ জন চিকিৎসক ১৩৮ জন কেন্দ্রীয় কাউন্সিলর নির্বাচিত করেন।
