২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় কোরীয় শিল্পীদের ক্ল্যাসিকাল মিউজিক কনসার্ট

সপ্তাহের শেষ কর্মদিবসে শিল্পকলা একাডেমিতে কোরিয়ান শিল্পীদের ক্ল্যাসিকাল মিউজিক আর জাতীয় গণগ্রন্থাগারে রবীন্দ্রসংগীত সন্ধ্যায় মন ভরিয়েছেন সঙ্গীতপ্রেমীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2016, 11:15 PM

Updated : 11 Oct 2022, 09:28 PM

বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ৪৩ বছর উদযাপনের অংশ হিসেবে

শিল্পকলা একাডেমির মূল মিলনায়তনে দুই দিনব্যাপী ক্ল্যাসিকাল মিউজিক কনসার্ট শুরু হয় বৃহস্পতিবার। এর আয়োজনে রয়েছে দক্ষিণ কোরিয়া দূতাবাস।

সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, বাংলাদেশে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত অন সাং ডু এবং শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

‘চার্ম অব কোরিয়া’ শীর্ষক এই আয়োজনের অষ্টম পর্বে ছিল এই কনসার্ট। ‘উইন্টার দ্য ফোর সিজন’ পিয়ানো পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় কনসার্ট।

এরপর সুপারানো কিম এসসু পরিবেশন করেন কোরিয়ান একটি লোকসঙ্গীত। এরপরই ছিল গিয়াকমো পুচিনির গিয়ানি সিছি ‘ও মিও বাবিনো কারো’ পরিবেশনা। পার্ক ডেইয়োগ ও কিম কিম এনসু মোজার্টের একটি অপেরা পরিবেশন করেন। ছিল পিয়ানোর বেশ কিছু পরিবেশনা। পিয়ানোতে রবীন্দ্রসঙ্গীত ‘সেদিন দুজনে দুলেছিনু বনে’ গানটিও বাজিয়ে শোনানো হয়। শিল্পীদের মধ্যে বেহালায় ছিলেন ব্যাং হায়ুজুন, কিম সানগি, ভায়োলায় সং গেউন, চেলোতে কিম কিদো, পিয়ানোতে কাওয়াক সুইয়ুন, বারিটোনে পার্ক ডেইয়োগ ও সুপারানোতে কিম এনসু।

জাতীয় রবীন্দ্রসঙ্গীত উৎসব শুরু

শাহবাগের সুফিয়া কামাল গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থার আয়োজনে শুরু হয় ২৮তম জাতীয় রবীন্দ্রসঙ্গীত উৎসব।

‘যদি দুঃখে দহিতে হয় তবু মিথ্যাচিন্তা নয়/যদি দৈন্য বহিতে হয় তবু মিথ্যাকর্ম নয়/ …জয় জয় সত্যের জয়’ স্লোগানে তিন দিনব্যাপী এ উৎসব শুরু হয়েছে।

এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। স্বাগত বক্তব্য রাখেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থার সাধারণ সম্পাদক সাজেদ আকবর। শুভেচ্ছা বক্তব্য রাখেন সংস্থার প্রধান উপদেষ্টা আমিনা আহমেদ। সভাপতি ছিলেন সংস্থার সভাপতি তপন মাহমুদ।

জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এর পরপরই ‘ও আমার দেশের মাটি’ ও ‘ব্যর্থ প্রাণের আবর্জনা’ গান দুটি দলীয়ভাবে পরিবেশন করেন সংস্থার শিল্পীরা। একক গান শোনান কাদেরী কিবরিয়া, অভিক দে, স্বপ্নীল সজীব, আশিকুর রহমান আশিক, চঞ্চল খান, অনিকেত আচার্য, রানা সিনহা, প্রমোদ দত্ত প্রমুখ। আবৃত্তি করেন জয়ন্ত রায়।