প্রাইভেট কারে যাত্রীবেশে ডাকাতি, গ্রেপ্তার ৪
রাজধানীতে প্রাইভেট কারে যাত্রী সেজে অস্ত্রের ভয় দেখিয়ে ডাকাতি ও ছিনতাইয়ে জড়িত চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তাররা হলেন- নাদিম মিয়া (৩৭), ইকবাল হোসেন (২৭), সোহেল (৩১) ও বাবু (২০)।
র্যাবের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার রাতে পল্লবী ও গুলিস্তান থেকে তাদরকে গ্রেপ্তার করা হয়।
তাদের কাছ থেকে ডাকাতিতে ব্যবহৃত একটি বিদেশি পিস্তল, গুলি, ম্যাগাজিন, চারটি ল্যাপটপ, দুটি ক্যামেরা, ১১টি মোবাইল ফোন, একটি ভিসা কার্ড এবং সাড়ে ছয় হাজার টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে খিলক্ষেত, এয়ারপোর্ট, কুড়িল-বিশ্বরোড ও ৩০০ ফুট রাস্তার আশপাশের এলাকায় ডাকাতি ও ছিনতাই করার কথা স্বীকার করেছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
প্রাইভেট কারে চক্রের কয়েকজন আগে থেকেই অবস্থান নেয়। পরে রাস্তা থেকে যাত্রী তুলে যাত্রা শুরু করে। এক পর্যায়ে যাত্রীদের অস্ত্রের মুখে চোঁখ বেঁধে মালামাল ছিনিয়ে নেয়।
ডাকাতদলটি যাত্রীদের মোবাইল ফোন ব্যবহার করে তাদের পরিবারের কাছ থেকে বিকাশের মাধ্যমে টাকা আদায় করত বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। ডাকাতির পর যাত্রীদের নির্জন এলাকায় ফেলে পালিয়ে যেত।
