২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আটক নন, মোশরেফা মিশু চায়ের দাওয়াতে: পুলিশ

আশুলিয়ায় দশ দিন ধরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ চলার মধ্যেই শ্রমিক নেতা মোশরেফা মিশুকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2016, 01:37 PM

Updated : 20 Aug 2022, 02:32 PM

গার্মেন্ট শ্রমিক ঐক্য ফেডারেশনের সভাপতি মিশুকে আটক করা হয়েছে বলে গণমাধ্যমে খবর বের হলেও ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম বলেছেন, আলোচনার জন্য চায়ের দাওয়াত দিয়ে তাকে নিয়ে আসা হয়েছে।

বৃহস্পতিবার সকালে রাজধানীর তোপখানা রোড থেকে মিশুকে গোয়েন্দা পুলিশের একটি দল নিয়ে যায়।

দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে মনিরুল সাংবাদিকদের বলেন, “মোশরেফা মিশু গ্রেপ্তার বা আটক হননি। সাম্প্রতিক সময়ে গার্মেন্ট খাতে শ্রমিক-মালিকদের মধ্যে যে সমস্যা চলছে। সেই বিষয়ে আলোচনার জন্য মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে তাকে চায়ের আমন্ত্রণ দিয়ে নিয়ে আসা হয়েছে।”

বেতন বৃদ্ধি, ঘরভাড়া না বাড়ানো, ‘কথায় কথায়’ ছাঁটাই না করাসহ বিভিন্ন দাবিতে আশুলিয়া শিল্পাঞ্চলের জামগড়া, বেরন, বাইপাইল, নরসিংহপুরসহ আশপাশে বিভিন্ন পোশাক কারখানায় শ্রমিকরা আন্দোলন চালিয়ে আসছেন।

তাদের ওই দাবি ‘অযৌক্তিক’ আখ‌্যায়িত করে তা প্রত্যাখ্যান করেছে পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ।

৫৫টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে বিজিএমইএ বলেছে, কাজে না ফিরলে বেতন পাবে না এসব কারখানার শ্রমিকরা।

এর মধ্যে আশুলিয়ার দুই পোশাক কারখানার মালিকপক্ষ শ্রমিক বিক্ষোভে ‘উসকানি ও শৃঙ্খলাভঙ্গের’ অভিযোগে আড়াইশ শ্রমিককে আসামি করে দুটি মামলা করেছে।

মামলার পর পাঁচ শ্রমিক নেতাকে আটক করেছে পুলিশ। এছাড়াও গ্রেপ্তার করা হয়েছে দুই শ্রমিককে।

পুরনো খবর:

আশুলিয়ায় ২৪৯ শ্রমিকের বিরুদ্ধে ‘উসকানির’ মামলা, ৫ নেতা আটক