যুদ্ধাপরাধ: পলাতকরা গ্রেপ্তার না হওয়ায় তদন্ত সংস্থার হতাশা
যুদ্ধাপরাধ মামলায় বিচারাধীন ও দণ্ডাদেশ পাওয়া পলাতক আসামিরা গ্রেপ্তার না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সমন্বয়ক সানাউল হক।
ধানমণ্ডিতে তদন্ত সংস্থার কার্যালয়ে বুধবার এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “পলাতক আসামিদের ব্যপারে শুধু আমরা না, ভিকটিম, মামলার সাক্ষী এবং এই বিচারের জন্য যারা দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রাম করে আসছে, তাদের সবার মাঝেই কিছুটা হতাশা কাজ করে।”
সানাউল হক বলেন, আইন অনুযায়ী পলাতক আসামিদের যে কোনো সময় পুলিশ গ্রেপ্তার করতে পারে। কিন্তু তদন্ত সংস্থার সেই ক্ষমতা নেই।
“আসামি গ্রেপ্তারের পুরো দায়িত্ব হল পুলিশ ডিপার্টমেন্টের, সর্বোপরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। গ্রেপ্তারি পরোয়ানার দায়িত্ব এড়ানোর সুযোগ কোনো আইনে নাই। তাই মাঝে মাঝে আসামিদের গ্রেপ্তারের বিষয়ে তাগাদা দেওয়া ছাড়া তদন্ত সংস্থার কিছুই করার থাকে না।”
গাইবান্ধার ছয় আসামির বিরুদ্ধে যুদ্ধাপরাধ মামলায় তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করার বিষয়ে জানাতে এই সংবাদ সম্মেলনে আসেন তদন্ত সংস্থার দ্বিতীয় সর্বোচ্চ কর্মকর্তা সানাউল হক।
ট্রাইব্যুনালে দণ্ডপ্রাপ্ত এবং বিচার ও তদন্তাধীন মামলার পলাতক আসামিদের পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, যুদ্ধাপরাধ মামলায় দণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে ২৪ জন পলাতক।
বিচারাধীন মামলায় পলাতক রয়েছেন ৪৬ জন; তদন্তাধীন মামলায় আরও ১১ আসামি পলাতক। সব মিলিয়ে পলাতক আসামির সংখ্যা ৮১।
দণ্ডপ্রাপ্ত ২৪ পলাতক আসামির মধ্যে ২২ জনের সর্বোচ্চ সাজার রায় এসেছে ট্রাইব্যুনালে। তাদের মধ্যে কিশোরগঞ্জের রাজাকার কমান্ডার গাজী আবদুল মান্নান গত ১৯ ডিসেম্বর পলাতক অবস্থায় মারা যাওয়ায় বর্তমানে পলাতক রয়েছেন আরও ২১ জন।
“যেসব আসামি দেশের বাইরে পলাতক, তাদের বিষয়ে বিভিন্ন সময় আমরা রাজনৈতিক বক্তব্য শুনে থাকি। তাদের ধরে এনে ব্যবস্থা নেওয়া হবে বা হচ্ছে, এসব বলা হয়। কিন্তু আমার কেন জানি মনে হয়, একটা সমন্বয়ের অভাব আছে। আন্তরিকতার অভাব বলছি না, সমন্বয়ের অভাব আছে।”
শাস্তি কার্যকর না হলে ‘বিচার প্রতীকের মধ্যেই আটকে থাকে’ মন্তব্য করে সানাউল হক বলেন, “বিভিন্ন সময়ে সরকারকে আমরা লিখেছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ বিষয়ে (আসামিদের গ্রেপ্তার) একটি কমিটি করা হয়েছে। পরবর্তীতে ট্রাইব্যুনালের আদেশে পুলিশ সদর দপ্তরেরও একটি কমিটি করা হয়েছে। এই কমিটি প্রতি তিন মাস অন্তর অন্তর বসে, কিছু তাগিদপত্র দেয়। কিন্তু ওই পর্যন্তই।”
এদিন গাইবান্ধা সদরের মো. আব্দুল জব্বার মণ্ডল (৮৬), মো. জাছিজার রহমান ওরফে খোকা (৬৪), মো. আব্দুল ওয়াহেদ মণ্ডল (৬২), মো. মোন্তাজ আলী ব্যাপারী ওরফে মমতাজ (৬৮), মো. আজগর হোসেন খান (৬৬), মো. রনজু মিয়ার (৫৯) বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেয় তদন্ত সংস্থা।
একাত্তরে আটকে রেখে নির্যাতন, লুণ্ঠন, অগ্নিসংযোগ, দেশত্যাগে বাধ্য করা, হত্যা, গণহত্যার মত মানবতাবিরোধী অপরাধের চারটি ঘটনায় জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে ছয় আসামির বিরুদ্ধে।
এই আসামিদের মধ্যে মো. রনজু মিয়া বাদে বাকি পাঁচজনই পলাতক।
এ মামলার তদন্ত কর্মকর্তা হেলাল উদ্দিন ছাড়াও তদন্ত সংস্থার কর্মকর্তারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
