২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসডিজি অর্জনে প্রতিবন্ধীদের স্বাস্থ্যসেবা নিশ্চিতের আহ্বান

টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জনে প্রতিবন্ধীদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার ওপর জোর দেওয়ার তাগিদ এসেছে রাজধানীর একটি সেমিনার থেকে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2016, 09:42 PM

Updated : 20 Aug 2022, 02:31 PM

আর প্রতিবন্ধীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্বাস্থ্য খাতে বরাদ্দ আরও বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন সেমিনারের বক্তারা।

মঙ্গলবার ‘এসডিজি অর্জন: প্রতিবন্ধীদের স্বাস্থ্য ও কল্যাণে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক এ সেমিনার যৌথভাবে আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা ডিজ্যাবলড রিহ্যাবিলিটেশন অ্যান্ড রিসার্চ (ডিআরআরএ) ও ভোরের কাগজ।

ভোরের কাগজের কনফারেন্স রুমে ডিআরআরএর নির্বাহী পরিচালক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে আয়োজিত এই সেমিনার সঞ্চালনা করেন দৈনিক পত্রিটাটির সম্পাদক শ্যামল দত্ত।

স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক রোগ বিভাগের লাইন ডিরেক্টর ডা. ফারুক আহমেদ ভূইয়া, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ডা. জিল্লুর রহমান খান, মানুষের জন্য ফাউন্ডেশনের প্রোগ্রাম ম্যানেজার নাজরানা ইয়াসমিন আলোচনায় অংশ নেন।

ডা. ফারুক আহমেদ ভূইয়া বলেন, “প্রতিবন্ধীদের যোগ্যতার জায়গাগুলো খুঁজে বের করে কাজে লাগাতে হবে। বর্তমানে দেশের মানুষের গড় আয়ু ৭১ বছর। এর সঙ্গে আমাদের শারীরিক প্রতিবন্ধীর হারও বাড়ছে।”

দেশের ১৫ থেকে ১৯ শতাংশ মানুষ বিভিন্ন ধরনের প্রতিবন্ধিতার শিকার জানিয়ে তিনি বলেন, বছরে ৫৯ শতাংশ মানুষ শারীরিক প্রতিবন্ধকতার কারণে মারা যান।

সমাজের সব শ্রেণির মানুষের সঙ্গে মিল রেখে প্রতিবন্ধীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেন শ্যামল দত্ত।

তিনি বলেন, থানা ও জেলা পর্যায়ের ডাক্তারদের বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে নীতিনির্ধারণী পর্যায় থেকে প্রতিবন্ধীদের শারীরিক সমস্যা সমাধানের বিষয়ে বোঝাতে হবে। প্রাথমিক পর্যায়ে আরো সচেতন ও দায়িত্বশীল করে গড়ে তুলতে হবে।

এজন্য স্বাস্থ্যখাতে পর্যাপ্ত বরাদ্দ দরকার বলেও মনে করেন ভোরের কাগজ সম্পাদক।

ফরিদা ইয়াসমিন বলেন, “প্রতিবন্ধীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বরাদ্দ বাড়ানোর বিকল্প নেই। স্বাস্থ্যখাতে বাজেট সব সময়ই কম থাকে, তাই এর সুষ্ঠু ব্যবস্থপনা না হলে প্রতিবন্ধীরা স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হবেন।”

প্রতিবন্ধীদের সুচিকিৎসা আগের চেয়ে অনেক এগিয়েছে দাবি করে নাজরানা ইয়াসমিন বলেন, সঠিক চিকিৎসার মাধ্যমে সব প্রতিবন্ধীর স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সম্ভব। সুবিধা বাড়ানোর জন্য বরাদ্দ বাড়াতে হবে।

মূল প্রবন্ধে রাশেদ আলী বলেন, দেশে বর্তমানে প্রায় দেড় কোটি প্রতিবন্ধী রয়েছে। কিন্তু এই বিশাল জনগোষ্ঠীর সেবার জন্য বিশেষ কোনো পরিকল্পনা নেই।

এই জনগোষ্ঠীকে বিশেষভাবে স্বাস্থ্যসেবার আওতায় না এনে সার্বজনীন স্বাস্থ্যসেবা সম্ভব নয় বলে ভাষ্য তার।

প্রতিবন্ধীদের জন্য উপযুক্ত হাসপাতাল পরিবেশ, চিকিৎসা পদ্ধতি, চিকিৎসকের দৃষ্টিভঙ্গি, পরীক্ষা-নিরীক্ষা, সেবা ও ওষুধের প্রাপ্যতা নিশ্চিত করার দাবি জানানো হয় সেমিনারের মূল প্রবন্ধে।

এতে বলা হয়, আইনে গণস্থাপনায় প্রতিবন্ধীদের প্রবেশগম্যতা নিশ্চিত করতে বলা হলেও বাস্তবে সরকারি-বেসরকারি সব স্থাপনায় প্রতিবন্ধীদের সহজ যাতায়াত সুবিধা দূরে থাক, হাসপাতালগুলোতেও প্রতিবন্ধীদের প্রবেশগম্যতা এখনও নিশ্চিত করা যায়নি।

প্রতিবন্ধীদের সেবা দিতে তাদের ‘ইশারা’ ভাষা বোঝার জন্য, পেশাদার ও শিক্ষিত চিকিৎসক নেই। কয়েকটি হাসপাতাল ছাড়া অন্যসব হাসপাতালে প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত বিছানা নেই।

কোনো কোনো হাসপাতালে প্রতিবন্ধীদের জন্য র‌্যাম্প বা ঢালু সিঁড়ি নির্মাণ করা হলেও তা মূলত ট্রলি চলাচলের চিন্তা মাথায় রেখে করা হয়েছে।

রাশেদ আলী বলেন, হুইল চেয়ার ব্যবহারকারী কোনো প্রতিবন্ধী ব্যক্তির পক্ষে ওই সব র‌্যাম্প ব্যবহার করে চিকিৎসকের কক্ষ, পরীক্ষাগার, টয়লেট বা অন্যান্য প্রয়োজনীয় এলাকায় যাতায়াত করা সম্ভব নয়।