বৃহস্পতিবার শুরু উদীচীর ২০তম জাতীয় সম্মেলন
‘জনতার ঐক্য দানবের দম্ভ ভাঙবেই’ স্লোগানে রাজধানীতে শুরু হচ্ছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ২০তম জাতীয় সম্মেলন।
বৃহস্পতিবার বিকাল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সম্মেলনের উদ্বোধন করবেন ভাষাসৈনিক এবং প্রথম শহীদ মিনারের অন্যতম রূপকার ডা. সাঈদ হায়দার।
উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি কামাল লোহানীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলী গোলাম আরিফ টিপু এবং বিশিষ্ট শিক্ষাবিদ ও উদীচীর সাবেক সভাপতি অধ্যাপক যতীন সরকার।
মঙ্গলবার কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে আয়োজনের বিস্তারিত তুলে ধরেন উদীচী কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক ও জাতীয় সম্মেলন প্রস্তুতি পরিষদের আহবায়ক প্রবীর সরদার।
তিনি জানান, উদ্বোধনের পর একটি শোভাযাত্রা নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করবে। এরপর সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে পরিবেশিত হবে মনোজ্ঞ বিচিত্রানুষ্ঠান।
এছাড়া ২৩ ও ২৪ ডিসেম্বর সন্ধ্যায় ঢাকা মহানগর নাট্যমঞ্চের কাজী বশির মিলনায়তনে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। পাশাপাশি এই দুইদিন সকাল থেকে বিকাল পর্যন্ত চলবে সম্মেলনের সাংগঠনিক অধিবেশন।
২৪ ডিসেম্বর বিকালে পরবর্তী দুই বছরের জন্য নতুন নেতৃত্ব নির্বাচন এবং তাদের শপথ গ্রহণের মধ্য দিয়ে শেষ হবে সম্মেলন।
প্রবীর সরদার জানান, এবারের জাতীয় সম্মেলনে দেশ-বিদেশের সাড়ে ৩০০-এর বেশি শাখা থেকে প্রায় দেড় হাজার প্রতিনিধি ও পর্যবেক্ষক যোগ দেবেন।
