২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পশ্চিমবঙ্গে শারীরিক প্রতিবন্ধীদের ক্রিকেটে বাংলাদেশের সিরিজ জয়

পশ্চিম বাংলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের শারীরিক প্রতিবন্ধী ক্রিকেট দলের সঙ্গে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে জয় পেয়েছে বাংলাদেশের সিআরপি শারীরিক প্রতিবন্ধী ক্রিকেট  দল।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2016, 12:18 AM

Updated : 20 Aug 2022, 02:30 PM

শনিবার কলকাতায় এফসি গ্রাউন্ডে তৃতীয় ম্যাচের এই খেলায় ১৬ রানে জয় পায় বাংলাদেশের দল।

সিরিজের তৃতীয় ম্যাচে সিআরপি শারীরিক প্রতিবন্ধী ক্রিকেট দল নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১১৯ রান সংগ্রহ করে। জবাবে পশ্চিম বাংলা ক্রিকেট দল তাদের সব কয়টি উইকেট হারিয়ে ১০৩ রান সংগ্রহ করতে সক্ষম হয়।

বিজয়ী দলের পক্ষে শরীফুল ইসলাম ৪৪ রান ও আকবর হোসেন ৪ উইকেট নিয়ে দলের জয়ে বড় রাখেন।

সিআরপি শারীরিক প্রতিবন্ধী ক্রিকেট দলের শরীফুল ইসলাম সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক এবং আকবর হোসেন সর্বোচ্চ উইকেট শিকার করেন।

সিআরপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথম ম্যাচে জয় লাভের মধ্য দিয়ে পশ্চিম বাংলা ক্রিকেট দল ১-০ তে এগিয়ে যায়। দ্বিতীয় ম্যাচে সিআরপি শারীরিক প্রতিবন্ধী ক্রিকেট দল দারুণভাবে জয়লাভের মধ্য দিয়ে সিরিজে সমতা ফিরিয়ে আনে।

তৃতীয় ম্যাচটি তাই অলিখিত ফাইনাল ম্যাচে পরিণত হয়। ওই ম্যাচে পশ্চিম বাংলা ক্রিকেট দলকে ১৬ রানে পরাজিত করে সিআরপি শারীরিক প্রতিবন্ধী ক্রিকেট দল সিরিজ জয়লাভ করে।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বাংলার এমএলএ অর্জূন পাল, ভারত ক্রিকেট অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক সমরেশ মজুমদার, শারীরিক প্রতিবন্ধী ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি সুরেন্দর লহিয়া, পশ্চিম বাংলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি দিলীপ চ্যাটার্জি।

সিআরপি শারীরিক প্রতিবন্ধী ক্রিকেট দলটি ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রেডক্রস বাংলাদেশের পৃষ্ঠপোষকতায় এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে। সিরিজে অংশ নিতে বাংলাদেশ দল গত ১৪ ডিসেম্বর ভারত যায়। ১৫ ও ১৭ ডিসেম্বর প্রথম দুটি খেলা অনুষ্ঠিত হয়।