২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

এক স্কুল কমিটিতে শামীম ওসমানের সভাপতি পদ স্থগিত

নারায়ণঞ্জের ‘দাপা আদর্শ উচ্চ বিদ্যালয়’ এর ব‌্যবস্থাপনা কমিটিতে সরকারদলীয় সাংসদ এ কে এম শামীম ওসমানের সভাপতি পদ স্থগিত করেছে হাই কোর্ট। 

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2016, 06:49 PM

Updated : 20 Aug 2022, 02:29 PM

একই সঙ্গে স্কুল কমিটিতে শামীম ওসমানের সভাপতি থাকা কেন অবৈধ হবে না, জানতে চেয়ে রুলও দিয়েছে আদালত।

শিক্ষা সচিবসহ পাঁচজনকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

এক অভিভাবকের করা রিট আবেদনের শুনানি গ্রহণ করে বৃহস্পতিবার বিচারপতি এম মোয়াজ্জাম হোসেন ও বিচারপতি মো. বদরুজ্জামানের হাই কোর্ট বেঞ্চ এই আদেশ দেয়।

 আদালতে আবেদনকারী মোর্শেদা বেগমের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. ইউনুছ আলী আকন্দ।

বুধবার দাপা আদর্শ উচ্চ বিদ্যালয়ে শামীম ওসমানের সভাপতি পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে হাই কোর্টে রিট করেন ‘দাপা আদর্শ উচ্চ বিদ্যালয়’ এর এক শিক্ষার্থীর অভিভাবক মোর্শেদা বেগম।

ইউনুছ আলী আকন্দ সাংবাদিকদের বলেন, “উচ্চ আদালতের রায় অনুযায়ী কোনো সংসদ সদস্য শিক্ষা প্রতিষ্ঠানের ম‌্যানেজিং সভাপতি পদে থাকতে পারেন না। রায় অমান্য করে নিজ ক্ষমতাবলে শামীম ওসমান স্কুলের সভাপতি পদে আছেন।”

রিট আবেদনে শামীম ওসমানের সভাপতি পদ অবৈধ ঘোষণার নির্দেশনা চাওয়া হয়।