বিনা বিচারে এক যুগ বন্দি ৭ জনকে হাজিরের নির্দেশ
বিনা বিচারে এক যুগের বেশি সময় ধরে কারাগারে থাকা এক গারো তরুণসহ সাতজনকে ২৪ জানুয়ারি হাজিরের নির্দেশ দিয়েছে হাই কোর্ট।
তাদের কেন জামিন দেওয়া হবে না- তা জানতে চেয়ে রুলও দেওয়া হয়েছে।
বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি জে বি এম হাসানের হাই কোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেয়।
এই সাতজন হলেন- কুষ্টিয়ার রাসেল শেখ, রাজধানীর বাড্ডার সাইদুর রহমান, মতিঝিলের মাসুদ, কেরানীগঞ্জের রাজীব হোসেন, গাজীপুরের বোর্ড বাজারের বাবু, ব্রাহ্মণবাড়িয়ার পারভেজ ও নেত্রকোণার গারো তরুন লিটন।
তারা সবাই বিভিন্ন মামলায় এক যুগের বেশি সময় ধরে কাশিমপুর কারাগারে আছেন।
সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেল এই সাতজনকে নিয়ে একটি প্রতিবেদন প্রম্প্রচার করে। সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির প্যানেল আইনজীবী বেহেশতী মারজান ওই প্রতিবেদন বৃহস্পতিবার আদালতে উপস্থাপন করলে বিচারক এই আদেশ দেন।
মারজান পরে সাংবাদিকদের বলেন, “আদালত বিষযটিকে মৌলিক অধিকার পরিপন্থি উল্লেখ করে আদেশ দিয়েছেন। আগামী ২৪ জানুয়ারি বন্দি সাত জনকে হাজির করার নির্দেশ দিয়েছেন।”
রাসেল শেখ
কুষ্টিয়া সদরের আইয়ুব শেখের ছেলে রাসেল শেখ ২০০৪ সালে কাফরুল থানায় একটি মামলায় ওই বছরের ১১ ডিসেম্বর থেকে কারাগারে রয়েছেন। মামলাটি বর্তমানে ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে বিচারাধীন। এ মামলায় তাকে এ পর্যন্ত ৫৫ কার্যদিবস আদালতে হাজির করা হয়েছে।
সাইদুর রহমান
বাড্ডার আদর্শনগরের তাইবুর রহমানের ছেলে সাইদুর রহমান নারী নির্যাতনের এক মামলায় ২০০৫ সালের ৬ সেপ্টেম্বর থেকে কারাগারে। এ মামলায় সাইদুরকে ৫৯ বার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
রাজীব হোসেন
কেরানীগঞ্জের ইমানদীপুরের মাহবুব আলমের ছেলে রাজীব হোসেন খিলগাঁও থানায় দায়ের করা এক মামলায় ২০০৩ সালের ৬ ডিসেম্বর গ্রেপ্তার হন। তার মামলাটি রয়েছে ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে। এ পর্যন্ত তাকে ৪৪ কার্যদিবস আদালতে হাজির করা হয়েছে।
মো. পারভেজ
ব্রাহ্মণবাড়িয়ার পৈতলার চান মিয়ার ছেলে মো. পারভেজ কোতোয়ালি থানায় একটি নারী নির্যাতন মামলার আসামি। ২০০৪ সালের ২ জুলাই গ্রেপ্তার হওয়ার পর থেকে এ পর্যন্ত ৪২ কার্যদিবস তাকে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
মাসুদ
মতিঝিলের ওবায়দুর রহমানের ছেলে মাসুদ শ্যামপুর থানার এক মামলায় ২০০৩ সালের ১ এপ্রিল থেকে কারাগারে। অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে মামলাটি বিচারাধীন।
লিটন
নেত্রকোণার কলমাকান্দার চেংগিনি এলাকার প্রসেন সাংমার ছেলে লিটন উত্তরা থানার এক মামলায় ২০০৫ সালের ২৩ জানুয়ারি থেকে কারাগারে। ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে এ পর্যন্ত ৫৮ কার্যদিবস হাজির করা হয়েছে তাকে।
বাবু
গাজীপুরের জয়দেবপুরের বোর্ডবাজার এলাকার শাহাবুদ্দিনের ছেলে বাবু রমনা থানার একটি নারী নির্যাতন মামলায় ২০০৩ সালের ১১ ডিসেম্বর গ্রেপ্তার হন। এ মামলায় তাকে ৪৪ কার্যদিবস ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
