২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর বিমানে গোলযোগ: আরও তিন প্রকৌশলী বরখাস্ত

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী ফ্লাইটের ইঞ্জিনে ত্রুটির ঘটনায় রাষ্ট্রীয় সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আরও তিনজন শীর্ষ প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2016, 04:58 PM

Updated : 12 Apr 2022, 03:31 AM

এরা হলেন- চিফ ইঞ্জিনিয়ার (প্রডাকশন) দেবেশ চৌধুরী, চিফ ইঞ্জিনিয়ার (কোয়ালিটি অ্যাসিউরেন্স) এস এ সিদ্দিক ও প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার (সিস্টেম অ্যান্ড মেইনটেইনেন্স) বিল্লাল হোসেন।

ঘটনা তদন্তে বিমানের তিন সদস্যের কমিটির চূড়ান্ত প্রতিবেদনের ভিত্তিতে তাদেরকে বরখাস্ত করা হয় বলে সংস্থার জনসংযোগ বিভাগের মহাব্যস্থাপক শাকিল মেরাজ জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, প্রধানমন্ত্রীর বিমানে ক্রটির ঘটনা তদন্তে বিমানের ক্যাপ্টেন ফজল মাহমুদ চৌধুরীর নেতৃত্বে তিন সদস্য বিশিষ্ট যে তদন্ত কমিটি করা হয়েছিল, সোমবার সেই কমিটি বিমানের ব্যবস্থাপনা পরিচালক মোসাদ্দেক আহমেদের কাছে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছেন।

“কমিটির সুপারিশের ভিত্তিতে ওই তিন জনকে সাসপেন্ড করা হয়েছে।”

গত ২৭ নভেম্বর হাঙ্গেরি যাওয়ার পথে শেখ হাসিনাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বোয়িং যান্ত্রিক ত্রুটির কারণে তুর্কমেনিস্তানের আশখাবাত বিমানবন্দরে জরুরি অবতরণে বাধ্য হয়। ত্রুটি মেরামত শেষে প্রায় ৪ ঘণ্টা পর হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের উদ্দেশ্যে যাত্রা করে বিমানটি।

এ ঘটনা তদন্তে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ছাড়াও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষও (বেবিচক) কমিটি করেছিল।

ঘটনার পর প্রাথমিক তদন্তের ভিত্তিতে বিমানের পাঁচজন প্রকৌশলীসহ ৬ জনকে সামিয়ক বরখাস্ত করা হয়েছিল।

এরা হলেন- প্রকৌশল কর্মকর্তা এস এম রোকনুজ্জামান, সামিউল হক, মিলন চন্দ্র বিশ্বাস, লুৎফুর রহমান, জাকির হোসাইন ও টেকনিশিয়ান সিদ্দিকুর রহমান।

পুরনো খবর:

গাফিলতিতে প্রধানমন্ত্রীর বিমানে ত্রুটি, বরখাস্ত ৬