সর্বোচ্চ সাজার বিচার কেন ভ্রাম্যমাণ আদালতে, ব্যাখ্যা তলব
মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন সাজার বিচার কেন ভ্রাম্যমাণ আদালতে করা হলো, এক ম্যাজিস্ট্রেটের কাছে তার ব্যাখ্যা চেয়েছে হাই কোর্ট।
তিন সপ্তাহের মধ্যে পাবনার ইশ্বরদী উপজেলার নির্বাহী অফিসার মোহম্মদ জাকির হোসেনকে এ ব্যাখা দিতে হবে।
আগামী ২৯ জানুয়ারি এ বিষয়ে শুনানির জন্য তারিখ রেখেছে আদালত।
সোমবার হাই কোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি জে বি এম হাসানের হাই কোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এ আদেশ দেয়।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল শহিদুল ইসলাম খান।
মামলার বিবরণী থেকে জানা যায়, ২০১১ সালের ১৯ মার্চ ১৭৮ বোতল ফেনসিডিল বহনের দায়ে মোহম্মদ আনিসুর রহমান ও মোহম্মদ বাবুল ইসলামকে সাজা দেন মোহাম্মদ জাকির হোসেন।
তাদেরকে দুই বছর করে কারাদণ্ড দেওয়া হয়। এ সাজার আদেশের বিরুদ্ধে তারা পাবনার ম্যাজিস্ট্রেট আদালতে আপিল করলে সাজা বহাল রাখা হয়।
সাজার বহালের আদেশের বিরুদ্ধে দণ্ডপ্রাপ্তরা পাবনার বিশেষ জজ আদালতে আবার রিভিশন মামলা করেন।
চলতি বছরের ১৯ জুলাই বিশেষ জজ আদালত রিভিশন মামলা খারিজ করে দিয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের আদেশ বহাল রাখে। পরে আসামিরা হাই কোর্টে সাজা বাতিল চেয়ে আবেদন করেন।
সহকারী অ্যাটর্নি জেনারেল শহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই আবেদনের ওপর শুনানিতে হাই কোর্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন পর্যালোচনা করে দেখতে পায়, ১৭৮ বোতল ফেনসিডিল বহনের জন্য আইনে যাবজ্জীবন সাজার কথা উল্লেখ রয়েছে।”
তিনি বলেন, “যেহেতু আইনে সাজা উল্লেখ রয়েছে সেহেতু এটি মেবাইল কোর্টের বিচার্য বিষয় নয়। কারণ মোবাইল কোর্ট আইন অনুযায়ী তারা সর্বোচ্চ দুই বছরের সাজার অপরাধ বিচার করতে পারেন, তার বেশি নয়।”
কোন কর্তৃত্ব বলে মোবাইল কোর্ট পরিচালনা করে আসামিদের সাজা দেওয়া হয়েছে, তা সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটকে ব্যাখ্যা দিতে বলা হয়েছে, জানান শহিদুল ইসলাম।
