বিজয় দিবসে সোহাগপুরের বিধবাদের সংবর্ধনা
বিজয় দিবসে সোহাগপুরের বিধবা পল্লীর নারী মুক্তিযোদ্ধাদের নাগরিক সংবর্ধনা দেবে বিজয় দিবস উদযাপন জাতীয় কমিটি।
এছাড়া কমিটি গত কয়েক বছরের মতো এবারও লাখো কণ্ঠে জাতীয় সংগীত গাওয়ার কর্মসূচি হাতে নিয়েছে।
রোববার বেলা ১১টার দিকে শাহবাগের জাদুঘরে সামনে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিজয় দিবস উদযাপন জাতীয় কমিটির প্রধান উপদেষ্টা অধ্যাপক অজয় রায়।
তিনি বলেন, “গৌরবান্বিত হয়ে আপনাদের জানাচ্ছি, আসছে ষোলোই ডিসেম্বর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের বিজয় মঞ্চে আমরা নাগরিক সংবর্ধনা জানাতে যাচ্ছি সোহাগপুরের বিধবা পল্লীর বীর নারী মুক্তিযোদ্ধাদের, যাদের অপরিসীম ত্যাগের বিনিময়ে উড্ডীন প্রিয় লাল সবুজ পতাকা, সার্বভৌমত্বে গর্বিত ছাপ্পান্ন হাজার বর্গমাইলের মানচিত্র।”
বিজয়ের পঁয়তাল্লিশ বছর পরে হলেও এই বীর নারীদের সংবর্ধিত করার মাধ্যমে নাগরিক হিসেবে ষোলোকোটি মানুষ সম্মানিত হবে বলে মনে করে অধ্যাপক অজয় রায়।
১৯৭১ সালের ২৫ জুলাই শেরপুরের নালিতাবাড়ি উপজেলার সোহাগপুর গ্রামে যুদ্ধাপরাধী মুহাম্মদ কামারুজ্জামানের নেতৃত্বে পাকবাহিনী নির্বিচারে হত্যাকাণ্ড চালায়। এ সময় নিহত হন ১৮৭ জন, বিধবা হন ৬৪ নারী। এরপর থেকে ওই গ্রাম বিধবা পল্লী হিসেবে পরিচিত।
সোহাগপুরের এই নারীদের স্বামীহারা করেই ফাঁসির দড়িতে ঝুলেছেন যুদ্ধকালীন আল বদর কমান্ডার মুহাম্মদ কামারুজ্জামান।
সংবাদ সম্মেলনে অধ্যাপক অজয় রায় বলেন, “ষোলোই ডিসেম্বর কেবল বাঙালির বিজয় দিবসই নয়, এর মধ্য দিয়ে প্রতিফলিত হয় বাঙালির সাহস, ত্যাগ আর দেশপ্রেমে প্রোজ্জ্বল দৃপ্ত সাহসিকতার এক অনন্য মশাল।
“স্বাধীনতার পঁয়তাল্লিশ বছরে বাংলাদেশ যেমন এগিয়ে গেছে সামনে, তেমনি একাত্তরের পরাজিত শক্তির হিংস্র থাবা বারবার আক্রান্ত করেছে বাংলাদেশের অগ্রযাত্রাকে।”
তিনি আরও বলেন, “আপনারা জানেন, একদিকে যেমন চলছে একাত্তরের কুখ্যাত যুদ্ধাপরাধীদের বিচার কাজ, কার্যকর হচ্ছে রাজাকারদের বিচার; অন্যদিকে একাত্তরের মতোই মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি হত্যা করছে স্বাধীনতার স্বপক্ষের লেখক-প্রকাশকসহ মুক্তচিন্তক মানুষদের। সাম্প্রদায়িক ও জাতিগত সন্ত্রাসে কলুষিত হচ্ছে শান্তিপূর্ণ সহাবস্থানের মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা।”
সারা দেশব্যাপী লাখো কণ্ঠে জাতীয় সংগীত গাওয়ার আহ্বান জানিয়ে অধ্যাপক অজয় রায় বলেন, “এবারেও লক্ষ-কোটি কণ্ঠে বিশ্বব্যাপী জাতীয় সঙ্গীত গাইবো সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা বাঙালিরা।
“জাতীয় সঙ্গীতের পবিত্র সুরে বিশ্বব্যাপী প্রতিহত করবো যুদ্ধাপরাধ, মৌলবাদ ও জঙ্গিবাদী অপশক্তিকে; শপথ নেব মুক্তিযুদ্ধের চেতনাপ্রসূত বৈষম্যহীন, শোষণমুক্ত, অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার।”
তিনি বলেন, “১৯৭১ সালের ষোলোই ডিসেম্বর বিকাল ৪টা ৩১ মিনিটে আত্মসমর্পণ করেছিল বর্বর পাকিস্তানি বাহিনী; ঠিক এই সময়েই দেশব্যাপী লাখো কণ্ঠে জাতীয় সংগীত গাইবার আহ্বান জানাচ্ছি আমরা; দেশের বাইরে, পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থানরত বাঙালিরাও বিকেল ৪টা ৩১ মিনিটে গাইবেন প্রাণের জাতীয় সঙ্গীত- আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি.. ..।”
সংবাদ সম্মেলন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল বারকাত ও গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার।
সংবাদ সম্মেলন থেকে জানানো হয়, ১৬ ডিসেম্বর সকাল ৯টায় উদ্বোধনী অনুষ্ঠান মধ্য দিয়ে শুরু হবে বিজয় উৎসব। এরপর সকাল সাড়ে ৯টায় সাংস্কৃতিক অনুষ্ঠান ‘আমাদের সংস্কৃতি’, দুপুর ২টায় ‘কনসার্ট ফর ফ্রিডম’, বিকাল ৩টায় ‘আমার মুক্তিযুদ্ধ’ বিষয়ক বিজয় দিবস স্মরণিকা মোড়ক উন্মোচন এবং বিকাল পৌনে ৪টার দিকে সোহাগপুরের বিধবাপল্লীর বীর নারী মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান হবে।
এছাড়াও বিকাল ৪টা ৪০ মিনিটে ‘আগামীর বাংলাদেশের শপথ’, ‘কনসার্ট ফর ফ্রিডম’ এবং সন্ধ্যায় বর্ণিল আলোকোৎসব ‘বিজয় আতশ সজ্জা’ মধ্য দিয়ে শেষ হবে এই আয়োজন।
