নিখোঁজ শিক্ষার্থীরা নজরদারিতে: স্বরাষ্ট্রমন্ত্রী
সারা দেশে নিখোঁজ শিক্ষার্থীরা আইন-শৃঙ্খলা বাহিনীর নজরদারিতে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
শনিবার গুলশানের ইয়ুথ ক্লাবে এক অনুষ্ঠানে মন্ত্রী বলেন, “মাদ্রাসাসহ সারাদেশে নিখোঁজ শিক্ষার্থীরা আইন-শৃঙ্খলা বাহিনীর নজরদারিতে রয়েছে। সব জঙ্গিদের খুঁজে বের করতে কাজ করে যাচ্ছে আইন-শৃঙ্খলা বাহিনী।”
মাদ্রাসার অনেক শিক্ষার্থী ‘স্বেচ্ছায় পরিবার থেকে বিচ্ছিন্ন’ রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
গত জুলাইয়ে গুলশানের হলি আর্টিজান ক্যাফে এবং শোলাকিয়ায় ঈদ জামাতের পাশে হামলাকারী জঙ্গিরা কয়েক মাস ধরে নিখোঁজ ছিলেন। তাদের মধ্যে মাদ্রাসা শিক্ষার্থীদের পাশাপাশি ঢাকার অভিজাত শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররাও ছিলেন।
এ বিষয়টি প্রকাশের পর সারা দেশে নিখোঁজদের সন্ধানে নামে আইনশৃঙ্খলা বাহিনী। পরে ঢাকার কল্যাণপুরে পুলিশি অভিযানে নয়জন নিহত হন, যারা নিখোঁজ ছিলেন বলে পরিবারের ভাষ্য।
এর পরেও বিভিন্ন সময় র্যাব-পুলিশের অভিযানে গ্রেপ্তার ও নিহত সন্দেহভাজন জঙ্গিদের অনেকে আগেই ঘর ছেড়েছিলেন বলে তাদের পরিবার জানায়।
সর্বশেষ বৃহস্পতিবার চট্টগ্রামের একটি বাড়িতে র্যাবের অভিযানে গ্রেপ্তার সন্দেহভাজন পাঁচ জঙ্গির তিনজন কয়েক মাস ধরে পরিবারের সঙ্গে সম্পর্কহীন ছিলেন। তাদের সন্ধান দাবিতে পুলিশের কাছেও গিয়েছিলেন স্বজনরা।
এরমধ্যে সম্প্রতি ঢাকা থেকে নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রসহ চার তরুণ নিখোঁজ হওয়ার খবরে নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন অনেকে।
১ জুলাই হলি আর্টিজান ক্যাফেতে হামলাকারীদের মধ্যে নিবরাজ ইসলামও নর্থসাউথের ছাত্র ছিলেন। নজিরবিহীন ওই হামলায় ১৭ বিদেশিসহ ২২ জন নিহত হন।
তবে এখন যারা নিখোঁজ আছেন তাদের খুঁজে পাওয়ার বিষয়ে আশাবাদী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল।
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় কথা বলেন তিনি। এই শাখা আওয়ামী লীগের সভাপতি এ কে এম রহমত উল্লাহর সভাপতিত্বে সভায় সাধারণ সম্পাদক সাদেক খান, সহ-সভাপতি শেখ বজলুর রহমান বক্তব্য দেন।
