২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রোবোটিক কায়দায় বড় হচ্ছে শিশুরা: সংস্কৃতিমন্ত্রী

শিশুদের সুকোমল মনোবৃত্তির বিকাশে তাদের সঙ্গে প্রকৃতির সংযোগ স্থাপনে অভিভাবকদের উদ্যোগী হতে আহ্বান জানিয়ে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, এখন বাচ্চাদের ‘রোবোটিক কায়দায়’ প্রতিপালন করা হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2016, 04:26 PM

Updated : 11 Oct 2022, 09:25 PM

শনিবার রাজধানীতে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা ও অভিভাবক সমাবেশে তিনি সিলেবাসভিত্তিক পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমের উপরও জোর দেন।

সংস্কৃতিমন্ত্রী বলেন, “শিশুদের আমরা তাদের মতো করে বড় হতে দিচ্ছি না। শিশুদের জীবনে এখন আকাশ, নদী, ফুল, পাখি কিছু নেই।সকালে স্কুলে যাবে, স্কুল থেকে এসে হোমওয়ার্ক করবে, তারপর একটু ডোরেমন কার্টুন দেখল, তারপর ঘুম।

“তাদের জীবনে যেন লেখাপড়া ছাড়া আর কিছু নেই!”

জাতীয় প্রেস ক্লাবে ‘শিশুদের স্বপ্নের পৃথিবী’ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও অভিভাবক কাউন্সিলের আয়োজন করে ব্রাইটার টুমরো ফাউন্ডেশন। প্রতিযোগিতায় অংশ নেওয়া ৮০ জন শিশু-কিশোরের হাতে পুরস্কার হিসেবে বই ও মগ তুলে দেন সংস্কৃতিমন্ত্রী।

প্রতিযোগিতায় শিশুদের আঁকা ছবিগুলো নিয়ে নূর বলেন, “এসব ছবি দেখলেই বোঝা যায়, বাবা মায়েরা তাদের শিখিয়ে দিয়েছে। ওদের মনের আকাশে যে কী ঘটছে, তা বোঝার উপায় নেই বড়দের।”

শিশুদের গ্রামে নিয়ে গিয়ে প্রকৃতি আর জীবজন্তুর সঙ্গে পরিচয় করিয়ে দিতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি।

সংস্কৃতিমন্ত্রী বলেন, “শিশুদের মধ্যে এক অন্যরকম শক্তি রয়েছে। সেই শক্তি আবিষ্কার করতে হবে আমাদের। মানুষের মতো করে দাঁড়ানোর শক্তিটি জাগিয়ে তুলতে হবে তাদের মধ্যে।”

জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক হেলাল উদ্দিন আহমেদ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে কিশোরদের আত্মহত্যার প্রবণতার চিত্র তুলে ধরেন। তিনি শিশুদের সিদ্ধান্ত নিতে শেখানো ও গোপন নজরদারি না করার পক্ষে মত দেন।  

ব্রাইটার টুমরো ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক জয়শ্রী জামান বলেন, “আমার সন্তানদের হারিয়েছি। আমি চাই না আর কোনো পরিবারে এ ধরনের ঘটনা ঘটুক।”

ফাউন্ডেশনের সহ-সভাপতি রাশেদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে জাতীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বোর্ডের সদস্য অধ্যাপক অরূপ রতন চৌধুরী, ভারত বিচিত্রার সম্পাদক নান্টু রায়, আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের উপদেষ্টা অধ্যাপক এ এস এম বদরুদ্দোজা, শিল্পী তরুণ ঘোষ, সাংবাদিক রুহুল গণি সরকার জ্যোতি, পর্বতারোহী এম এ মুহিত ও ব্রাইটার টুমরো ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক ডা. ফারসিক ভূইয়া আলোচনায় অংশ নেন।

২০১৪ সালে নিজের দুই সন্তানের আত্মহত্যার পর বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাংবাদিক জয়শ্রী জামান আত্মহত্যা প্রতিরোধে সামাজিক সচেতনতা তৈরি করতে ‘ব্রাইটার টুমোরো’ গড়ে তোলেন।

২০১৫ সালের ২৮ মে আত্মপ্রকাশের পর থেকে জাতীয় ও স্থানীয় পর্যায়ে আত্মহত্যা প্রতিরোধে সচেতনতামূল কার্যক্রম পরিচালনা করছে সংগঠনটি।