২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একে একে ঝরল ৫ নারী শ্রমিকের প্রাণ

চার সহকর্মীর পথ অনুসরণ করলেন অগ্নিদগ্ধ মেহেরা খাতুনও; মারা গেলেন আশুলিয়ার লাইটার কারখানার এই শ্রমিকও।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2016, 11:35 PM

Updated : 20 Aug 2022, 02:25 PM

গত ২২ নভেম্বর ঢাকার আশুলিয়ার জিরাব এলাকায় কালার ম্যাক্স (বিডি) লিমিটেড নামের একটি গ্যাস লাইটার কারখানায় আগুন লাগলে বিভিন্ন বয়সী ২৬ জন নারী কর্মী দগ্ধ হন।

তাদের ২০ জনকে ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে। এর পর কয়েক দিনের ব‌্যবধানে মারা যান আঁখি, রকি, মাহমুদা ও সখিনা।

৩২ বছর বয়সী মেহেরা দেহের ৪০ ভাগজুড়ে আগুনের ক্ষত নিয়ে চিকিৎসা নিচ্ছিলেন।

Image
হাসপাতালে অগ্নিদগ্ধরা (ফাইল ছবি)

হাসপাতালে অগ্নিদগ্ধরা (ফাইল ছবি)

মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে তার মৃত‌্যু ঘটে বলে বার্ন ইউনিটের চিকিৎসক পার্থ শংকর পাল জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ নিয়ে মোট পাঁচজনের মৃত‌্যু হল। আরও ১২ জন এখনও চিকিৎসাধীন।”

মেহেরার বাড়ি বগুড়ার কুলগ্রামে। দুই মেয়ে ও এক ছেলের জননী ছিলেন তিনি।

দগ্ধ শিশু সজিব বাঁচল না

পাঁচ দিন আগে পুরান ঢাকার হাজারীবাগে একটি কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ চার শিশুর একজন সজিব মারা গেছেন।

দেহের ৬১ শতাংশে আগুনের ক্ষত নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন ছিল ১৩ বছরের শিশুটি।

মঙ্গলবার সন্ধ‌্যায় সজিব মারা যান বলে বার্ন ইউনিটের চিকিৎসক পার্থ শংকর পাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

হাজারীবাগের ভাগলপুর লেইনে একটি মানিব্যাগ তৈরির কারখানায় কাজ করত সজিব। গত বৃহস্পতিবার সেখানে অগ্নিকাণ্ডে তার সঙ্গে আরও তিনটি শিশু দগ্ধ হয়।

তারা হল তামজিদ, হেদায়েত উল্লাহ ও আসাদুজ্জামান। আসাদুজ্জামান সুস্থ হয়ে বাড়ি ফিরলেও বাকি দুজন এখনও হা্সপাতালে চিকিৎসাধীন।

একটি দোতলা ভবনের নিচতলায় তানজিদ লেদার নামে মানিব্যাগ কারখানাটি ছিল। আগুন লাগার পর স্থানীয়রাই তা নিভিয়ে ফেলে।

পুরনো খবর:

আঁখি, রকি, মাহমুদার পর চলে গেল সখিনাও
দগ্ধ নারী শ্রমিকদের স্বজনদের চোখে অন্ধকার