২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দগ্ধ নারী শ্রমিকদের স্বজনদের চোখে অন্ধকার

স্বামীর সঙ্গে ছাড়াছাড়ির পর তিন বছরের মেয়েকে নিয়ে বেঁচে থাকার চেষ্টায় কারখানায় কাজ নিয়েছিলেন সখিনা, চা বিক্রেতা বাবাকে সহায়তায় আয়ের পথে আসেন মুক্তি, সামান্য বেতনের মসজিদের ইমাম বাবার সংসারে একটু সহযোগিতার জন্য কাজ নেন লাভলী ও ফাতেমা।

গোলাম মুজতবা ধ্রুব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2016, 11:12 PM

Updated : 11 Oct 2022, 09:21 PM

পুরনো খবর:

লাইটার কারখানায় দগ্ধ এক কিশোরীর মৃত‌্যু
সাভারে লাইটার কারখানায় অগ্নিকাণ্ড, দগ্ধ ২৬

এদের মতো দারিদ্র্যের সঙ্গে লড়ে জীবনে টিকে সংগ্রামরত ১৯ নারী কর্মস্থলের আগুনে পোড়া ক্ষত নিয়ে শুয়ে আছেন ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালের বার্ণ ইউনিটের বিছানায়।  এখন তাদের নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠায় বাইরে সময় কাটছে স্বজনদের।

বুধবার হাসাপাতালে গিয়ে দেখা যায়, স্বজনদের কেউ ছুটোছুটি করছেন বারান্দায়, কেউ আছেন চিকিৎসকের কাছে আপনজনের অবস্থা জানার অপেক্ষায়। সবার একই প্রশ্ন, স্বাভাবিক জীবনে ফিরতে পারবে ওরা?

মঙ্গলবার বিকালে আশুলিয়ার জিরাবো এলাকার ‘কালার ম্যাক্স (বিডি) লিমিটেড’ নামের গ্যাস লাইটার কারখানায় আগুন লেগে যে ২৬ জন দগ্ধ হন তাদের মধ্যে ছিলেন এই নারী শ্রমিকরা।

তাদের সবার অবস্থা আশঙ্কাজনক বলে জানান বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শংকর পাল।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দগ্ধ নারীদের চারজন আইসিইউতে, চারজন এইচডিইউতে, সাতজন পর্যবেক্ষণ কক্ষে এবং চার জন পোস্ট অপারেটিভে চিকিৎসা নিচ্ছেন। তাদের শরীরের ২০ থেকে ৭০ শতাংশ পুড়ে গেছে।

এদের সঙ্গে আসা আঁখি নামের অপর এক শ্রমিক বুধবার ভোররাতে মারা যান। রংপুরের মিঠাপুকুরের ১৬ বছরের এই মেয়েটির শরীরের ৩০ শতাংশ পুড়ে গিয়েছিল। তার শ্বাসনালীও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল বলে চিকিৎসকরা জানিয়েছেন।

দুপুরে মেডিকেলের বার্ন ইউনিটের আইসিইউ’র সামনে দেখা হয় রংপুরের বদরগঞ্জের দিনমজুর মো. রকিবুল ইসলামের সঙ্গে, আগুনে পুড়েছে তার ছোট মেয়ে সখিনা।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুই মেয়ের মধ্যে ছোট সখিনার বিয়ে হয়েছিল পাঁচ বছর আগে। তার তিন বছরের একটি মেয়ে রয়েছে।

“মেয়েটির বাবা-মার মধ্যে কোনো সম্পর্ক নাই। সখিনার কিছু হলে তার সন্তানের কী হবে,” বলতে গিয়ে কেদে ফেলেন রকিবুল।

দেড়মাস আগে পাঁচ হাজার টাকা বেতনে ওই কারখানায় কাজ নিয়েছিলেন সখিনা। মেয়ের দগ্ধ হওয়ার খবর শুনে রাতেই রংপুর থেকে ঢাকা আসেন রকিবুল।

“মেয়েটা যন্ত্রণায় ছটফট করে, চিৎকার করে, এটা দেখলে নিজেকে ঠিক রাখা কঠিন।”

এরমধ্যেই মেয়ের চিকিৎসার খরচ কোথা থেকে আসবে তা নিয়ে  দুশ্চিন্তা এই দিনমজুর বাবার: “ওর চিকিৎসার খরচ চালানোর সামর্থ্য আমার নেই। টাকা লাগলে কোথায় পাব?”

টাঙ্গাইলের দৌলতপুরের আবুডাঙা জামে মসজিদের ইমাম মো. বাবর আলীর চার মেয়ের মধ্যে দ্বিতীয় লাভলীর (১৭) শরীরের ৩০ ভাগ এবং সেজো মেয়ে ফাতেমার (১৭) শরীরের ২০ ভাগ পুড়েছে।

বাবর আলী বলেন, ওরা তিন বোন জিরাবোতে একটি মেসে থাকত।

“লাভলী ও ফাতেমাকে হাসপাতালে দেখার কেউ নাই। বাধ্য হয়ে এই বৃদ্ধ বয়সে আমাকেই হাসপাতালে থাকতে হচ্ছে।”

মেয়েদের চিকিৎসা ব্যয় নিয়ে উদ্বেগের কথা জানিয়ে তিনি বলেন, “খরচের বিষয়ে হাসপাতাল থেকে এখনও কিছু বলেনি। কত খরচ লাগবে এটা নিয়ে চিন্তায় আছি।”

তবে সকালে হাসপাতালে ভর্তি প্রত্যেকের চিকিৎসার জন্য সরকারের পক্ষ থেকে ১০ হাজার এবং সাভারের সংসদ সদস্য এনামুর রহমান পাঁচ হাজার টাকা করে দেন বলে জানান বাবর আলী।

বার্ন ইউনিটের এইচডিইউতে ভর্তি বগুড়ার মেয়ে মুক্তি (১৩)। তার শরীরের ২০ ভাগ  ঝলসে গেছে।

মুক্তির মা রত্না আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমিও ওই কারখানাতেই কাজ করতাম। চোখের সামনে দেখলাম হঠাৎ আগুন লেগে গেছে। মেয়েটা  হামাগুড়ি দিয়ে একটা ছোট দরজা দিয়ে বের হওয়ার চেষ্টা করছিল। তখনই তার শরীরে আগুন লেগে যায়।

“অভাবের সংসারে এই বয়সে বাধ্য হয়ে মেয়েটা কাজে নামে। এবার সুস্থ হলে তাকে  বাড়ি নিয়ে যাব,” বলে চোখ মোছেন রত্না।

আইসিইউ’র সামনে বসে ছিলেন জিরাবোর চা দোকানি মো. হাফিজুর রহমান। তার মেয়ে নাজমার শরীরের ২৫ ভাগ দগ্ধ হয়েছে।

হাফিজ বলেন, ওই দিন দগ্ধ সবাইকে কারখানার সামনে রাখা হয়েছিল।

“অনেক খুঁজে মেয়েটাকে জীবিত পেয়েছিলাম। এখন চাই সবার দোয়ায় যেন সে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে।”

আগুন লাগার সময় প্রায় একশ শ্রমিক আশুলিয়ার ওই কারখানায় কাজ করছিলেন। তাদের মধ্যে ২৬ জনের দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।

ঠিক কীভাবে সেখানে আগুন লেগেছিল, তা এখনও স্পষ্ট নয়। তবে গ্যাস লাইটার তৈরি হত বলে সেখানে দাহ্য সামগ্রীর অভাব ছিল না। অগ্নিকাণ্ডের আগে বিকট শব্দ হয়েছিল বলে স্থানীয়রা জানিয়েছেন।

ইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হামিদ মিয়া জানান, সাভার ও ইপিজেডের পাঁচটি ইউনিট প্রায় সোয়া দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে টিনের তৈরি কারখানার তিনটি শেড পুড়ে যায়।

ওই ঘটনায় দগ্ধদের মধ্যে পাঁচজনকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতাল এবং আরেকজনকে উত্তরার ইস্টওয়েস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।