লাইটার কারখানায় দগ্ধ এক কিশোরীর মৃত্যু
ঢাকার আশুলিয়ায় গ্যাস লাইটার কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন শ্রমিকদের মধ্যে এক কিশোরীর মৃত্যু হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল জানান, আঁখি নামের ১৬ বছর বয়সী মেয়েটির শরীরের ৩০ শতাংশ পুড়ে গিয়েছিল। পাশাপাশি তার শ্বাসনালী মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল।
মঙ্গলবার বিকালে আশুলিয়ার জিরাবো এলাকার ‘কালার ম্যাক্স (বিডি) লিমিটেড’ নামের ওই কারখানায় আগুন লাগলে ২৬ জন দগ্ধ হন। তাদের মধ্যে ২০ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত দেড়টার দিকে আঁখির মৃত্যু হয় বলে পার্থ শংকর পাল জানান।
আঁখিদের বাড়ি রংপুরের মিঠাপুকুরে, তার বাবার নাম আশরাফুল। আরও প্রায় একশ শ্রমিকের সঙ্গে আশুলিয়ার ওই গ্যাস লাইটার কারখানায় কাজ করতেন আঁখি।
ওই কারখানায় ঠিক কীভাবে আগুন লেগেছিল, তা এখনও স্পষ্ট নয়। তবে গ্যাস লাইটার তৈরি হত বলে সেখানে দাহ্য সামগ্রীর অভাব ছিল না। অগ্নিকাণ্ডের আগে বিকট শব্দ হয়েছিল বলেও স্থানীয়রা জানিয়েছেন।
ওই ঘটনায় দগ্ধদের মধ্যে পাঁচজনকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতাল ও আরেকজনকে উত্তরার ইস্টওয়েস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
