২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে লাইটার কারখানায় অগ্নিকাণ্ড, দগ্ধ ২৬

ঢাকার আশুলিয়ায় একটি গ্যাস লাইটার কারখানায় অগ্নিকাণ্ডে অন্তত ২৬ শ্রমিক দগ্ধ হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

ও সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2016, 06:13 PM

Updated : 11 Oct 2022, 09:21 PM

মঙ্গলবার বিকালে আশুলিয়ার জিরাবো এলাকার ‘কালার ম্যাক্স (বিডি) লিমিটেড’ কারখানায় এ অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় সোয়া দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে বলে আশুলিয়া থানার ওসি মহসিনুল কাদির জানান।

দগ্ধদের মধ্যে ২০ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, পাঁচজনকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতাল  ও আরেকজনকে উত্তরার ইস্টওয়েস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হামিদ মিয়া জানান, বিকাল আনুমানিক ৪টার দিকে কারখানাটিতে আগুন লাগে।পরে সাভার ও ইপিজেডের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়।

“প্রায় সোয়া দুই ঘণ্টার চেষ্টায় অগ্নিনির্বাপক কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে টিনের তৈরি কারখানার তিনটি শেড পুড়ে যায়।”

তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

তবে অগ্নিকাণ্ডের আগে বিকট শব্দ শুনেছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মঙ্গলবার সন্ধ্যার পর ২০ জনকে হাসপাতালে আনা হয়েছে।

সাভার এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের পরিচালক ডা. আনোয়ারুল কাদির নাজিম বলেন, আশুলিয়ায় লাইটার কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ পাঁচ জনকে ভর্তি করা হয়েছে। তাদের হাত-পা ও মুখ ঝলসে গেছে।

কারখানাটির ব্যবস্থাপক নজরুল ইসলাম জানান, কারখানাটিতে প্রায় একশ শ্রমিক কাজ করে। মঙ্গলবার বিকালে বিকট শব্দ হয়ে অগ্নিকাণ্ডে কিছু শ্রমিক দগ্ধ হয়েছে।

এ অগ্নিকাণ্ডে কোটি টাকার উপরে ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।