পল্লী সঞ্চয় ব্যাংক সংশোধন বিল সংসদে উত্থাপন
‘একটি বাড়ি একটি খামার প্রকল্প’ এবং পল্লী সঞ্চয় ব্যাংকের কাজ পাশাপাশি অব্যাহত রাখতে বিদ্যমান একটি আইন সংশোধনের প্রস্তাব সংসদে উঠেছে।
মঙ্গলবার ‘পল্লী সঞ্চয় ব্যাংক (সংশোধন) বিল-২০১৬’ সংসদে উত্থাপন করেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান। পরে বিলটি পরীক্ষা করে একদিনের মধ্যে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
পল্লী সঞ্চয় ব্যাংক আইনের ৩৯ ধারায় বলা ছিল, ২০১৬ সালের ৩০ জুনের পর একটি বাড়ি একটি খামার প্রকল্প বিলুপ্ত হবে। বিলুপ্ত প্রকল্পের সব সম্পদ, ক্ষমতা, কর্তৃত্ব, অর্থ, কর্মসূচি এবং দায় পল্লী সঞ্চয় ব্যাংকের হাতে চলে যাবে।
এই আইন সংশোধন না করেই গত ২৫ অক্টোবর ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের মেয়াদ চার বছর বাড়িয়ে আট হাজার ১০ কোটি টাকার বরাদ্দ অনুমোদন দেয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।
ওইদিন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছিলেন, একটি বাড়ি একটি খামার প্রকল্পের মেয়াদ বৃদ্ধির বিষয়টি পল্লী সঞ্চয় ব্যাংক আইনের সঙ্গে সাংঘর্ষিক হবে না। পল্লী সঞ্চয় ব্যাংকের আওতায় ওই প্রকল্প চলবে। দেশে যতদিন দারিদ্র্য দূর না হবে, ততদিন এ প্রকল্প চলবে।
পরে সরকার এ সংক্রান্ত একটি অধ্যাদেশ জারি করে।
সংসদে উত্থাপিত বিলে ৩০ জুনের ওই সময় সীমা বাদ দিয়ে সরকার নির্ধারিত তারিখে প্রকল্পটি পল্লী সঞ্চয় ব্যাংকের হাতে চলে যাবে বলে বিধান রাখা হয়েছে।
২০০৯ থেকে শুরু করে ২০১৪ সালে শেষের কথা থাকলেও পরে ব্যয় ১ হাজার ৪৯২ কোটি টাকা বাড়ানো হয়। এরপর দ্বিতীয় সংশোধনীতে ব্যয় ৩ হাজার ১৬২ কোটি টাকায় উন্নীত করে মেয়াদ ২০১৬ সালে জুন পর্যন্ত বাড়ানো হয়।
এরই মধ্যে ‘একটি বাড়ি একটি খামার প্রকল্প’ ২০১৬ সালের জুনে বিলুপ্তির বিধান রেখে ২০১৪ সালের ২ জুলাই পল্লী সঞ্চয় ব্যাংক বিল সংসদে পাস হয়।এবার প্রকল্পটি বিলুপ্তির সুনির্দিষ্ট সময়ের বিধান বাতিল করে সংসদে বিলটির সংশোধনী আনা হলো।
এবারের প্রস্তাবিত আইনে আরও বলা হয়েছে, এই আইনের অধীন ব্যাংকের সাথে নিবন্ধিত সমিতির ক্ষেত্রে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি আইন-২০০৬ এর বিধানগুলো প্রযোজ্য হবে না।
বিলে আরও বলা হয়েছে, এটি চলতি বছরের ৩০ জুন তারিখে কার্যকর হয়েছে গণ্য হবে।
প্রস্তাবিত আইনে বলা হয়েছে, ব্যাংকের শেয়ারহোল্ডার সমিতি ব্যাংকের নামে এবং বিরুদ্ধে মামলা করতে পারবে।
বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে প্রতিমন্ত্রী মান্নান বলেন, “পল্লী সঞ্চয় ব্যাংক সংশোধন আইন প্রণয়নের ফলে দেশের গ্রামাঞ্চলের দরিদ্র সুবিধাবঞ্চিত মানুষকে সঞ্চয়ে উদ্বুদ্ধ, তাদের দক্ষতা বৃদ্ধিসহ নারীর ক্ষমতায়ন এবং অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের জন্য গ্রাম সংগঠন সৃজন, তাদের প্রশিক্ষণ প্রদান, তহবিলের যোগান এবং ঋণদানের মাধ্যমে দারিদ্র্য বিমোচনে ‘একটি বাড়ি একটি খামার প্রকল্প’ এবং ‘পল্লী সঞ্চয় ব্যাংক’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যায়।”
