মধ্যরাতে নিয়ন্ত্রণহীন গাড়ি ফুটপাতে, প্রাণ গেল দুই ছিন্নমূল নারীর
ঢাকার হাই কোর্ট সংলগ্ন সড়কে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে দুই ছিন্নমূল নারীর মৃত্যু হয়েছে।
শাহবাগ থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, সোমবার রাত ২টার দিকে বার কাউন্সিলের ফটকের কাছে এ ঘটনা ঘটে।
কালো রংয়ের প্রাইভেটকারটির চালক নিয়ন্ত্রণ হারালে তার গাড়ি ফুটপাতে উঠে যায় এবং সেখানে ঘুমিয়ে থাকা ছিন্নমূল মানুষের ওপর দিয়ে গ্রিল ভেঙে হাই কোর্ট এলাকার সীমানায় ঢুকে যায়।
এ ঘটনায় আহত তিন নারীকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে হাসিনা নামের আনুমানিক ৩০ বছর বয়সী একজনকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, সাঁথিয়া নামের আরেক নারী হাসপাতালে ভর্তি আছেন।
ঘটনার একজন প্রত্যক্ষদর্শী জানান, একটি ট্রাক হঠাৎ গতি কমালে ওই টয়োটা গাড়ির চালক ব্রেক কষতে গিয়ে নিয়ন্ত্রণ হারান। এরপরই গাড়িটি ফুটপাতে উঠে যায়।
দুমড়ে মুচড়ে যাওয়া গাড়িটি শাহবাগ থানায় নিয়ে গেছে পুলিশ। দুর্ঘটনার পর ওই গাড়ি থেকে মোহাম্মদ শাওন নামে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে আটক করা হলেও চালকসহ অন্য আরোহীরা পালিয়ে গেছে বলে শাহবাগ থানার উপ পরিদর্শক দেবরাজ চক্রবর্তী সাংবাদিকদের জানিয়েছেন।
