‘অনন্যা সাহিত্য পুরস্কার’ পেলেন বেগম আকতার কামাল
গবেষণা ও প্রবন্ধসাহিত্যে অবদান রাখার জন্য ‘অনন্যা সাহিত্য পুরস্কার-১৪২৩’ পেলেন অধ্যাপক বেগম আকতার কামাল।
শনিবার বিকাল ৪টায় জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে তার হাতে পুরস্কারের সম্মাননা ক্রেস্ট তুলে দেন দেন অনুষ্ঠানের অতিথি ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী।
পুরস্কৃত লেখককে উত্তরীয় পরিয়ে দেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন। সনদ তুলে দেন কবি আসাদ চৌধুরী।
আকতার কামালের হাতে পুরস্কারের ৫০ হাজার টাকার চেক তুলে দেন অনন্যা সম্পাদক তাসমিমা হোসেন।
সেলিনা হোসেন বলেন, “বেগম আকতার কামাল বাংলা সাহিত্যের ক্ল্যাসিক ঐতিহ্য নিয়ে গুরুত্বপূর্ণ সব কাজ করেছেন। ৪৭ পরবর্তী বাংলা সাহিত্যের মূলধারার বৈশিষ্ট্য নিয়ে পুরস্কৃত এই গবেষক একটি বড় বই লিখবেন এখন, এটাই আমাদের প্রত্যাশা।”
সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, “প্রযুক্তির বিকাশের কারণে সাহিত্য আক্রান্ত হয়। তা সত্ত্বেও সাহিত্যের মূল্য কখনো কমবে না।”
পুরস্কারপ্রাপ্ত বেগম আকতার কামাল তার অনুভূতি জানিয়ে বলেন, “এই প্রথম কোনো নারী পরিচালিত প্রতিষ্ঠান আমাকে পুরস্কৃত করলো। এটা অন্যরকম ভালোলাগার মতো বিষয়। আমি নিশ্চয় অনুপ্রাণিত এবং সম্মানিত।”
অনুষ্ঠানের সভাপতি অনন্যা সম্পাদক তাসমিমা হোসেন বলেন, “বেগম আকতার কামালের মতো আন্তর্জাতিক মানের অনেক সৃজনশীল ও মননশীল লেখক আমাদের আছে। এখন প্রয়োজন সম্মিলিত উদ্যোগে তাদের লেখা ইংরেজিতে অনুবাদের মাধ্যমে বিশ্বসাহিত্যে বাংলা সাহিত্যের একটা স্থান তৈরি করে নেওয়া।”
বেগম আকতার কামাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক। তিনি বর্তমানে বিভাগীয় প্রধান ও কলা অনুষদের ডিন।
১৯৯৩ সাল থেকে অনন্যা সাহিত্য পুরস্কার চালু করা হয়েছে। প্রতি বছর একজন নারী-সাহিত্যিককে সাহিত্যে অবদানের স্বীকৃতি হিসেবে এ পুরস্কার দেওয়া হয়।
এ-পর্যন্ত যারা এই পুরস্কার পেয়েছেন: সেলিনা হোসেন, রিজিয়া রহমান, নীলিমা ইব্রাহিম, দিলারা হাশেম, রাবেয়া খাতুন, সনজীদা খাতুন, জাহানারা ইমাম (মরণোত্তর), নূরজাহান বেগম, রাজিয়া খান, রুবী রহমান, পূরবী বসু, আনোয়ারা সৈয়দ হক, মকবুলা মনজুর, ঝর্ণাদাশ পুরকায়স্থ, সালেহা চৌধুরী, নূরজাহান বোস, মালেকা বেগম, কাজী রোজী, নিয়াজ জামান, জাহানারা নওশিন এবং সোনিয়া নিশাত আমিন।
