গম্ভীরার জাতীয় পর্যায়ে স্বীকৃতির দাবি
বাংলাদেশের লোকজ ঐতিহ্যের অন্যতম উপকরণ গম্ভীরা গানকে এবার জাতীয় পর্যায়ে স্বীকৃতি দেওয়ার দাবি উঠেছে।
জাতীয়ভিত্তিক সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠান দিয়াড়ের আয়োজনে জাতীয় গম্ভীরা উৎসবের উদ্বোধনী আসরে এসে গম্ভীরা শিল্পীরা সুরে সুরে ‘মৃতপ্রায়’ শিল্পটিকে বাঁচাতে এই দাবি জানান।
শুক্রবার বিকাল সাড়ে ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে এ উৎসবের উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
দুই দিনব্যাপী এ উৎসবে অংশ নিচ্ছে ১০টি গম্ভীরা দল।
উৎসবে এসে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর শিল্পী-সংগ্রাহক ও প্রচারকদের কাছে গম্ভীরা সংরক্ষণে যথাযথ প্রস্তাবনা আহ্বান করেন।
তিনি বলেন, “গম্ভীরাকে কিভাবে সমৃদ্ধ করা যায়, কিভাবে এর চর্চা আর জনপ্রিয়তা বাড়ানো যায় তা নিয়ে আপনারা যথাযথ প্রস্তাবনা নিয়ে আসলে আমরা কাজ শুরু করতে পারব।
“শুধু উৎসব পালনের মধ্য দিয়ে গম্ভীরাকে ধরে রাখা যাবে না। নতুন শিল্পীরা যেন এই গানকে ধরে রাখতে পারে সেদিকেও লক্ষ্য রাখতে হবে। সেই শিল্পীরা যেন কিছুটা হলেও জীবিকা নির্বাহ করতে পারে।”
গম্ভীরা পরিবেশনার একটি দৃশ্য, ছবি: বাংলাপিডিয়া
গম্ভীরার মতো লোকসংস্কৃতির অনেক উপাদানকে হারিয়ে ফেলার উপক্রমে আফসোস করেন নাট্যভিনেতা নূর।
“কিছু সংস্কৃতি তো একেবারেই আঞ্চলিক। ওই নির্দিষ্ট অঞ্চলের মানুষের বাইরে কেউ এসবের চর্চা করছে না। এখন আর নতুন নতুন গান রচিত হচ্ছে না। স্বভাব কবিরা মুখে মুখে যে গান বাঁধত, সে গানে ছিল অন্তরের কথা। তারা গানে ছিল আনন্দ-বেদনার কথা।”
জাতীয় আর্কাইভে দুর্লভ ও দুষ্প্রাপ্য গানগুলো সংরক্ষণের কাজ শুরু হলেও তা ‘কঠিন কাজ’ বলে জানালেন মন্ত্রী। আদি সুরের বিকৃতিতে এর অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে অতিথি হিসেবে এসেছিলেন নাট্যব্যক্তিত্ব অধ্যাপক মমতাজউদদীন আহমেদ, শিল্পী রফিকুন নবী ও শিল্পী হাশেম খান। এসেছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস।
গম্ভীরাকে বুঝতে-জানতে শ্রোতাদের ‘মৃত্তিকাসংলগ্ন’ হওয়ার আহ্বান জানান অধ্যাপক মমতাজউদদীন আহমেদ। রফিকুন নবীর বক্তব্যে উঠে আসে আধুনিক যাত্রাশিল্পের ‘জনক’ শফিকুর রহমান, প্রচারক কুতুব উল আলম, রাকিব উদ্দিনের কথা।
গম্ভীরাকে জাতীয় পর্যায়ে স্বীকৃতির দাবি জানিয়ে শিল্পী হাশেম খানের আশা এ গান একদিন ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্য তালিকাতেও ঠাঁই পাবে।
প্রথম দিনের উৎসবে পরিবেশনায় অংশ নেয় মাহবুব-মানীর চাঁপাই গম্ভীরা দল, রাজ্জাক-হিরকের নবাব গম্ভীরা দল, শিশুশিল্পী অয়ন মীমের মহানন্দা শিশু গম্ভীরা দল, খাবির-সাইদুরের লোক গম্ভীরা দল, সিরাজুল–হাসেমের সূর্যদিগন্ত গম্ভীরা দল।
সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হয়ে গম্ভীরার আসর চলে রাত ১০টা পর্যন্ত।
শনিবার বিকাল ৪টায় শুরু হওয়া উৎসবের সমাপনী আসরে অতিথি হিসেবে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর থাকার কথা রয়েছে। সেদিনের আসরটিও রাত ১০টা অবধি চলার কথা জানিয়েছেন দিয়াড়ের আহ্বায়ক মুখলেসুর রহমান মুকুল।
