কক্সবাজার সৈকতের অর্ধেক ‘কিটকট’ বিনামূল্যের করার নির্দেশ
কক্সবাজার সমুদ্র সৈকতে ছাতা সম্বলিত চেয়ার বা ‘কিটকট’র অর্ধেক (৫০ শতাংশ) বিনা মূল্যে সর্ব সাধারণের জন্য সংরক্ষণ করতে নির্দেশ দিয়েছে হাই কোর্ট।
এসব চেয়ার লাল রং দিয়ে চিহ্নিত করতেও বলা হয়েছে পর্যটন সচিব, পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান, কক্সবাজার জেলা প্রশাসক, কক্সবাজার পুলিশ সুপার ও কক্সবাজার পৌরসভা মেয়রকে।
বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি শেখ হাসান আরিফের হাইকোর্ট বেঞ্চ বুধবার এ আদেশ দেয়।
অন্তর্বর্তীকালীন এ নির্দেশনার পাশাপাশি রুল জারি করে আদালত। এতে ‘কিটকট’র উপর সমুদ্র সৈকত ব্যবস্থাপনা কমিটির আরোপিত বার্ষিক নবায়ন ফি বাড়ানো কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং যথাযথ বিধি ও নীতিমালা প্রণয়ন ছাড়া ট্যাক্স ও ফি আরোপ কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে।
ফি বাড়ানোর বিষয়টি ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল আদালতের নজরে আনার পর ওই নির্দেশ আসে।
তিনি বলেন, সমুদ্র সৈকতের স্বচ্ছল ব্যক্তিদের জন্য অর্থের বিনিময়ে চেয়ার ছাতা ব্যবহারের সুযোগ থাকলেও অস্বচ্ছল ব্যক্তি ও সাধারণ মানুষ সৌন্দর্য উপভোগের এ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।
