রাষ্ট্রপতির কাছে তিন অনাবাসিক দূতের পরিচয়পত্র পেশ
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে পরিচয়পত্র পেশ করেছেন ইথিওপিয়া, মৌরিতানিয়া এবং তিউনিশিয়ার রাষ্ট্রদূত।
বুধবার বিকালে ইথিওপিয়ার দূত আসফা ডিঙ্গামো কামে, মৌরিতানিয়ার সিডি মোহাম্মদ হানেন্না এবং তিউনিশিয়ার আদেল এলারবি আলাদভাবে আবদুল হামিদের কাছে পরিচয় পত্র পেশ করেন বলে জানান রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।
তিনি সাংবাদিকদের বলেন, “তিন অনাবাসিক দূতকে বঙ্গভবনে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি তাদের নতুন নিয়োগের জন্য অভিনন্দন জানান। তিনি বলেন, ‘বাংলাদেশের সঙ্গে রাষ্ট্রদূতদের দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও বাড়ানোর যথেষ্ট সুযোগ রয়েছে’।
পরিচয়পত্র পেশ করছেন তিউনিশিয়ার রাষ্ট্রদূত
রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশের পররাষ্ট্র নীতি হচ্ছে, সকলের সঙ্গে বন্ধুত্ব কারও সঙ্গে শত্রুতা নয়। বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ককে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়। রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন দূতরা তাদের দায়িত্ব পালনকালে বাংলাদেশের সঙ্গে তাদের দেশের সম্পর্ক আরও সম্প্রসারিত হবে।
তিনি এ সময় বাংলাদেশের সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ সম্পর্ক কাজে লাগাতে দূতদের উদ্যোগী হওয়ার পরামর্শ দেন।
ইথিওপিয়ার দূতের পরিচয়পত্র পেশ
তিনি আরও জানান, নতুন দূতরা সাক্ষাতের সময় বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও অগ্রগতির প্রশংসা করেন।
রাষ্ট্রদূতরা বলেন, তারা বাংলাদেশের সঙ্গে নিজ নিজ দেশের দ্বি-পাক্ষিক সম্পর্ক বাড়াতে কাজ করবেন।
এর আগে নতুন দূতরা বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি দল তাদের পৃথকভাবে গার্ড অব অনার দেয়।
