গ্যালারি টোয়েন্টি ওয়ানে ছাপচিত্র প্রদর্শনী ‘ডিপ প্রিন্ট’
ভূপ্রকৃতি, জলজ ও প্রকৃতির বিভিন্ন উপাদানকে রং-তুলিতে নানা আঙ্গিকে ক্যানভাসে ফুটিয়ে তোলা হয়েছে; ছাপচিত্রে নিরীক্ষা করা হয়েছে শব্দ ও সংখ্যা নিয়ে।
শিল্পী ওয়াকিলুর রহমানের আঁকা এমন সব ছবি নিয়ে গ্যালারি টোয়েন্টি ওয়ানে শুরু হয়েছে ছাপচিত্র প্রদর্শনী ‘ডিপ প্রিন্ট’।
প্রদর্শনীতে ঠাঁই পেয়েছ শিল্পীর ৩৮টি ছবি, ১৯৯৩ সাল থেকে ২০০৯ পর্যন্ত জার্মানি প্রবাসে ছবিগুলো এঁকেছিলেন তিনি।
মঙ্গলবার সন্ধ্যা ৬টায় ধানমন্ডির গ্যালারি টোয়েন্টি ওয়ানে প্রদর্শনীর উদ্বোধন করেন শিল্পী মনিরুল ইসলাম।
প্রদর্শনী ‘ডিপ প্রিন্ট’ শিল্পীর জার্মানির জীবনের প্রলম্বিত যাত্রাকে ধারণ করে। ‘ডিপ প্রিন্ট’ মূলত ছাপচিত্রের ইন্টাগ্রিও কৌশল যেখানে রং ছাচে মূলপৃষ্ঠের তলদেশে প্রয়োগ করা এবং এর বিভিন্ন প্রয়োগ প্রণালী।
ওয়াকিলের প্রদর্শনীর ছাপচিত্রগুলো এচিং, অ্যাকুয়াটিন্টের ব্যতিক্রমী স্বতঃস্ফূর্ততায় জলরংয়ের মতো ফ্রি লাইনে ও পৃষ্ঠতলের আকৃতির সঙ্গে আন্দলিত উপযোগে সৃষ্ট। লাইন, টেক্সচার, কম্পোজিশন, গাঢ় রংয়ের প্রয়োগ ও একযোগে তৈরি প্যাস্টেল বর্ণের উদ্ধত সমীকরণে তার কাজগুলো গভীরভাবে উপভোগ্য হয়ে ওঠে।
ওয়াকিলের শিল্পকর্ম ফর্ম, লাইন, ভূপ্রকৃতি, জলজ ও প্রকৃতির বিভিন্ন উপাদানের টেক্সচারে ধ্যানমগ্ন। বস্তুগত ছাপচিত্রের পাশাপাশি তিনি নিরীক্ষা করেছেন শব্দ ও সংখ্যা নিয়ে।
ওয়াকিলুর রহমান বলেন, “কনসেপচুয়াল আর্ট ও নিউ মিডিয়ায় যাত্রাকে অতিক্রম করতে আমার ব্যক্তিগত আকাঙ্ক্ষা, আনন্দ, প্রেরণা অথবা দর্শন আমাকে অনুঘটক হিসেবে সহায়তা করেছে।”
ওয়াকিল ১৯৮৮ সাল থেকে ঢাকা ও বার্লিনে শিল্পচর্চা করছেন। তিনি ১৯৮৬ সাল থেকে এ পর্যন্ত দেশে ও বিদেশে ৭০টিরও অধিক একক প্রদর্শনী ও অসংখ্য দলবদ্ধ প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন।
ওয়াকিল বাংলদেশ, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট, বুলগেরিয়া, কিউবা, ফওান্স, জার্মানি, ভারত, জাপান সহ বহুদেশের আর্ট ফেয়ার, বিয়েনাল ও ট্রায়েনালে অংশগ্রহণ করার পাশাপাশি বহুসংখ্যক প্রদর্শনীও কিউরেট করেছেন।
তিনি গ্রাফিক্স, পেইন্টিং, ইলাস্ট্রেশন, অবজেক্ট, ভাস্কর্য, ভিডিও ও চলমান চিত্রের সংযোগে সাইট স্পেসিফিক প্রজেক্ট-এর মতো বিভিন্ন মাধ্যমে কাজ করে থাকেন।
আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা অবধি এই প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।
