এ্যানীর বিরুদ্ধে দুর্নীতির মামলা আপিলেও স্থগিত
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর বিরুদ্ধে দুর্নীতি মামলার কার্যক্রম স্থগিত ঘোষণা করে হাই কোর্টের দেওয়া আদেশ আপিলেও বহাল রয়েছে।
ওই স্থগিতাদেশের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) লিভ টু আপিলের আবেদন সোমবার খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ।
আদালতে শুনানিতে দুদকের পক্ষে অংশ নেন আইনজীবী খুরশীদ আলম খান; এ্যানীর পক্ষে আইনজীবী জয়নুল আবেদীন, সঙ্গে ছিলেন মো. জহিরুল ইসলাম সুমন।
জহিরুল পরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আপিল বিভাগ থেকে দুদকের আবেদন খারিজ হওয়ায় হাই কোর্টর দেওয়া আদেশই বহাল থাকল। এর ফলে এ্যানীর বিরুদ্ধে মামলার কার্যক্রম স্থগিত থাকবে।”
এর আগে এ্যানীর আবেদনে সাড়া দিয়ে ১ সেপ্টেম্বর বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি জে বি এম হাসানের হাই কোর্ট বেঞ্চ মামলাটির কার্যক্রম স্থগিতের আদেশ দেন।
শহীদউদ্দিন চৌধুরী এ্যানী (ফাইল ছবি)
ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির সাবেক সাংসদ এ্যানীর বিরুদ্ধে ২০১৪ সালের ৯ অক্টোবর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ এনে রমনা থানায় মামলা করে দুদক ।তদন্ত শেষে ২০১৫ সালের ১৮ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক মাহবুবুল আলম।
অভিযোগপত্রে বলা হয়, দুদকে জমা দেওয়া সম্পদ বিবরণীতে শহীদ উদ্দিন চৌধুরী ১৩ লাখ ১৩ হাজার ৯৪০ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। এছাড়া তদন্তে তার বিরুদ্ধে এককোটি ২২ লাখ ৪২ হাজার ৬৭০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের প্রমাণও পাওয়া গেছে।
এই মামলাসহ মোট নয়টি মামলায় চলতি বছরের ২৮ জানুয়ারি থেকে কারাগারে রয়েছেন এ্যানী।
