২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাঁচ দেশের ছবি নিয়ে গ্যালারি কসমসে প্রদর্শনী

বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল ও কানাডার ২৮ শিল্পীর ছবি নিয়ে রাজধানীতে শুরু হয়েছে ‘কসমস ইন্টারন্যাশনাল আর্ট এক্সিবিশন’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2016, 02:53 PM

Updated : 11 Oct 2022, 09:23 PM

রোববার মহাখালী ডিওএইচএসের গ্যালারি কসমসে মাসব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত তিন দেশের রাষ্ট্রদূত ও হাই কমিশনাররা।

কানাডার হাই কমিশনার বেনিয়েত পিয়েরে লারামি প্রদর্শনীতে অংশ নেওয়া নারী শিল্পীদের সংখ্যাধিক্যকে ‘ইতিবাচক’ হিসেবে বর্ণনা করেন।

তিনি বলেন, “পৃথিবীর নানা প্রান্তে যখন নারীর উপর নানা সহিংসতা ঘটছে, তখন এই ১৯ নারী ক্যানভাসে প্রতিবাদ জানাচ্ছেন, লড়ছেন রঙ-তুলিতে। তাদের এই যুদ্ধ মুগ্ধ করার মত।”

ফ্রান্সের রাষ্ট্রদূত সোফি উবের চিত্রশিল্পীদের মত প্রকাশের স্বাধীনতায় আঘাত, মুক্তমনা লেখক-শিল্পীদের উপর আঘাতের ইস্যুগুলোকে শিল্পকর্মে আরও তুলে ধরার আহ্বান জানান।

থাইল্যান্ডের রাষ্ট্রদূত পানপিমন সুয়ানপোনসেও জানান, তার ভালো লাগার কথা। বলেন, “কূটনৈতিক দায়িত্ব পালন করলেও আমার মন পড়ে থাকে শিল্পকর্মে। এখানে এসে অন্যরকম লাগছে।”

গ্যালারি কসমসের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ প্রদর্শনীতে দেখা মিলছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদের ১৯৮৬ সালে আঁকা শিরোনামহীন একটি ছবির।

অয়েল ক্যানভাসে আঁকা ছবিটিতে শাহাবুদ্দিন নির্মাণ করেছেন স্বতন্ত্র এক ভঙ্গি, যেখানে দীর্ঘাকার পেশিবহুল মানুষের অদম্য বাসনা রূপান্তরিত হয়েছে শক্তিতে।

শিল্পী বলেন, চিত্রকলা, সংগীত ও চলচ্চিত্র নিয়ে চর্চা একসময় ‘মুষ্টিমেয়’ কয়েকজনের মধ্যে সীমাবদ্ধ থাকলেও এখন সাধারণ মানুষের অংশগ্রহণ তাকে উদ্দীপ্ত করছে।

“সংস্কৃতির এগিয়ে যাওয়ার যে মূল ধারা, তা এখন তরুণরা বুঝে গেছে, শিখতে পেরেছে। তরুণদের মধ্যে আমি স্পৃহা দেখতে পাচ্ছি। চিত্রকলা এমনভাবে ধাবিত হচ্ছে, তাদের তো কৃতিত্ব দিতেই হবে।”

১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া সপ্তদশ দক্ষিণ এশীয় আর্ট বিয়েনাল নিয়েও তিনি আশাবাদ ব্যক্ত করেন। বলেন, এ ধরনের আয়োজন শিল্পের বিকাশে ভূমিকা রাখবে।

“বাইরে থেকে এসে শিল্পীরা বাংলাদেশে পারফর্ম করবে, বাংলাদেশে আর্ট বিয়েনাল হবে- এসব শুনলে আগে লোকে হাসত। কিন্তু দেখুন, আজ বাংলাদেশেই তা হচ্ছে। তার মানে আমরা অনেক দূর এগিয়েছি।”

প্রদর্শনীতে দেখানো হচ্ছে শিল্পী মনিরুল ইসলামের ‘ল্যান্ড অফ দ্য রেইন অ্যান্ড টিয়ার্স’ ছবিটিও। ২০১৫ সালে আঁকা এ ছবিতে উচ্ছ্বাসের বিপরীতে কষ্টের ছবি এঁকেছেন ফ্রান্সপ্রবাসী এ শিল্পী।

চাঁদপুরের মেঘনা তীরে ঘুরতে গিয়ে ‘ইউনিভার্সাল ফর্মে’ ছবিটি আঁকার ‘অনুপ্রেরণা’ পেয়েছিলেন বলে জানান শিল্পী।

“ক্যানভাসে কখন কি আঁকব, তা আগে থেকেই ঠিক করা থাকে না। আজ হয়তো ভেবেছি এক, কাল ভাবব আরেক। ভাবনাকে দর্শকের সামনে সহজভাবে উপস্থাপন করতে চাওয়া থেকেই ইউনিভার্সাল ফর্মের যাত্রা। ভাবনার সেই প্রকাশই একজন শিল্পীর স্বার্থকতা।”

আসমা মাহমুদ এঁকেছেন নানা রঙের ছটায় ‘কালেকটিভ মেমোরি’; কানাডাপ্রবাসী এ শিল্পী অ্যাক্রেলিকে ফুটিয়ে তুলেছেন একের পর এক স্মৃতিপট।

দাম্পত্যের আবেগঘন মুহূর্তকে ক্যানভাসে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন ভারতীয় শিল্পী অসিত কুমার প্রামানিক; ‘কাপল’ শিরোনামে আঁকা সিরিজ এসব ছবির মাধ্যমও অ্যাক্রেলিক।

অস্থির সময়ে অশুভের ধেয়ে আসার দৃশ্যকল্প ‘বুল’ এঁকেছেন ভারতের শিল্পী অভিজিৎ রায়। অন্যদিকে কিশোরের একান্ত ভুবনে নানা ভাবনার অনুরণনকে বিমূর্ত করেছেন নেপালি কিরণ মহান্ধার।

পাকিস্তানের শিল্পীদের ছবিতে উঠে এসেছে সেখানকার ধর্মভিত্তিক সমাজব্যবস্থা আর নগরব্যবস্থার চিত্র। মুহম্মদ শফিক রানা, শাইস্থা মোমিন ও জি এন গাজীর ছবিগুলোর মাধ্যম অ্যাক্রেলিক।

কাঠখোদাই মাধ্যমে রফিকুন নবীর ‘ক্রো’ তে ফুটে উঠেছে বাঙালির প্রতিবাদ, অন্যায়ের বিপরীতে প্রতিঘাতের চিত্র।

এর বাইরে প্রদর্শনীতে স্থান পেয়েছে কালিদাস কর্মকারের ‘অ্যালুভিয়াল লাইফ’, বীরেন সোমের ‘কম্পোজিশন বিটউইন সি অ্যান্ড ল্যান্ড’, অলোকেশ ঘোষের ‘বোটস’, জামাল আহমেদের ‘গার্ল’, নিসার হোসেনের ‘ডায়েরি অব হেল’, শামিম সুব্রানার ‘সাউন্ড অব দ্য আর্থ’, বিপাশা হায়াতের ‘হানিমুন ইন বাহামাস’, বিশ্বজিৎ গোস্বামীর ‘মা’, সৌরভ চৌধুরীর সিরিজ ছবি ‘ইটার্নাল এক্সিসটেন্স’।

কানাডাপ্রবাসী শিল্পী সৈয়দ ইকবালের ‘মেমোরি অফ দ্য হলি আর্টিজান ট্র্যাজেডি’ ছবিতে ফুটে উঠেছে গুলশান হামলার নারকীয় দৃশ্যপট। আর আফরোজা জামিলের ‘এসিড’ ছবিতে রয়েছে এক এসিডদগ্ধ নারীর জীবনসংগ্রামের গল্প।

গ্যালারি কসমসের পরিচালক তাহমিনা এনায়েত জানান, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বহুমাত্রিক এসব ছবির মাধ্যমে শিল্পীদের একমঞ্চে নিয়ে আসার পরিকল্পনা ছিল তাদের।

২৬ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৮টা এ প্রদর্শনী চলবে বলে জানান তিনি।