২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একরাম হত্যা মামলায় বিএনপি নেতা মিনারের জামিন

ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক হত্যা মামলার প্রধান আসামি বিএনপি নেতা মিনার চৌধুরীকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2016, 11:25 PM

Updated : 20 Aug 2022, 02:19 PM

বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও জাফর আহমেদের হাই কোর্ট বেঞ্চ বৃহস্পতিবার তার জামিন মঞ্জুর করে।

কেন তাকে স্থায়ী জামিন দেওয়া হবে না তা জানতে চেয়েও রুল  দিয়েছে আদালত।

মিনার চৌধুরীর জামিন আবেদনের পক্ষে আদালতে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার আমিনুল হক, মাহবুব উদ্দিন খোকন ও আবু হানিফ। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও সহকারী অ্যাটর্নি জেনারেল বশির আহমেদ।

মিনারের জামিনে স্থগিতাদেশ চেয়ে চেম্বার আদালতে যাবেন বলে সহকারী অ্যাটর্নি জেনারেল বশির আহমেদ জানিয়েছেন।

“আগামী রোববারই এ আবেদন করা হবে,” বলেন তিনি।

এর আগে গত ৫ অক্টাবর মিনার চৌধুরীর জামিন আবেদন ‘উপস্থাপিত হয়নি মর্মে’ খারিজ করে দেয় হাই কোর্ট।

২০১৫ সালের মার্চে মিনারকে হাই কোর্ট জামিন দিলেও শেষ পর্যন্ত আপিল বিভাগে তা টেকেনি।

এরপর চলতি বছরের শুরুতে ফের হাই কোর্ট মিনার চৌধুরীকে জামিন দিলে তাও আপিলে বাতিল হয়। পরে আবার জামিন আবেদন করেন মিনার চৌধুরী। 

২০১৪ সালের ২০ মে ফুলগাজী যাওয়ার সময় ফেনী শহরের একাডেমী এলাকায় একরামুলকে নিজের গাড়িতে গুলি চালানোর পর পুড়িয়ে হত্যা করা হয়।

নিহতের বড় ভাই রেজাউল হক জসিম ওই দিনই ফেনী জেলা তাঁতী দলের আহ্বায়ক মাহাতাব উদ্দিন আহম্মদ চৌধুরীর (মিনার চৌধুরী) নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরও ৩০ থেকে ৩৫ জনকে আসামি দেখিয়ে ফেনী মডেল থানায় হত্যা মামলা করেন।

মামলা হওয়ার পর ওই বছর ২৭ মে গোয়েন্দা পুলিশ ঢাকা থেকে মিনারকে গ্রেপ্তার করে। মাঝে একবার তিনি জামিনে কারাগার থেকে মুক্তি পান।

তবে অভিযোগপত্র দেওয়ার পর নির্দেশনা মেনে আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে পরোয়ানা জারি হয়। তার ভিত্তিতে ফের গ্রেপ্তার হন তিনি।

এ মামলায় চলতি বছরের ১৫ মার্চ ৫৬ জনের বিচার শুরু করে ফেনীর আদালত। মামলাটিতে এখন সাক্ষ্যগ্রহণ চলছে।

পুরনো খবর:

একরাম হত্যা: মিনারের জামিন স্থগিতই থাকছে