একরাম হত্যা: মিনারের জামিন স্থগিতই থাকছে
ফেনীর আওয়ামী লীগ নেতা একরামুল হক একরাম হত্যা মামলার প্রধান আসামি মাহতাব উদ্দিন আহম্মেদ চৌধুরী মিনারের জামিন স্থগিতই থাকছে।
বৃহস্পতিবার প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নিয়ে মিনারের জামিন স্থগিতের মেয়াদ দুই সপ্তাহের জন্য বাড়িয়ে দেয়। পাশাপাশি মিনারকে বারডেম হাসপাতাল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিয়ে দুই সপ্তাহের মধ্যে তার স্বাস্থ্যগত প্রতিবেদন দিতে বলা হয়েছে।
চলতি বছরের ১৬ মার্চ হাই কোর্ট ছয় সপ্তাহের জন্য মিনারের জামিন মঞ্জুর করলে তা স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ চেম্বার বিচারপতির আদালতে যায়। ২০ মার্চ চেম্বার বিচারপতি হাই কোর্টের আদেশ স্থগিত করে বিষয়টি শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন।
এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিষয়টি শুনানির জন্য ওঠে। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক টুটুল। অন্যদিকে মিনারের পক্ষে শুনানি করেন আইনজীবী আবদুর রেজ্জাক খান।
আদেশের পর একরামুল হক টুটুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আপিল বিভাগ মিনার চৌধুরীর জামিন দুই সপ্তাহের জন্য স্থগিত করেছে। দুই সপ্তাহ পরে বিষয়টি তালিকায় আসবে।
“আপিল বিভাগ অবিলম্বে বারডেম হাসপাতাল থেকে মিনারকে রিলিজ দিতে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে। পাশাপাশি তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলা হয়েছে।”
বঙ্গবন্ধু মেডিকেলের উপাচার্যকে একটি মেডিকেল বোর্ড গঠন করে দুই সপ্তাহের মধ্যে মিনারের স্বাস্থ্যগত প্রতিবেদন দিতেও আদালত নির্দেশ দিয়েছে বলে টুটুল জানান।
২০১৪ সালের ২০ মে ফেনী শহরের বিলাসী সিনেমা হলের সামনে ফুলগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি একরামুল হক একরামকে গুলি করে, কুপিয়ে ও গাড়িসহ পুড়িয়ে হত্যা করে সন্ত্রাসীরা।
পরে নিহতের ভাই রেজাউল হক জসিম বাদী হয়ে বিএনপি নেতা মাহাতাব উদ্দিনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৩০-৩৫ জনকে আসামি করে ফেনী মডেল থানায় মামলা করেন।ওই বছর ২৮ অগাস্ট ৫৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ।
ফেনী জেলা দায়রা জজ দেওয়ান মো. সফিউল্লাহর আদালতে মামলার শুনানি চলছে।
গত ১ মার্চ মিনার চৌধুরী আদালতে হাজির না হওয়ায় তৃতীয়বারের মতো অভিযোগ গঠন পিছিয়ে যায় বলে জজ কোর্টের পিপি হাফেজ আহম্মদ জানান।
তিনি সেদিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অভিযোগ গঠনের শুনানির জন্য গ্রেপ্তার ৪২ আসামির মধ্যে ৪১ জনকে আদালতে হাজির করা হয়।
“তবে প্রধান আসামি মাহতাব উদ্দিন আহম্মেদ চৌধুরী ঢাকা কেন্দ্রীয় কারাগারের অধীনে বারডেম হাসপাতালে চিকিৎসাধীন থাকায় আদালত অভিযোগ গঠন করতে পারেনি।”
এ মামলায় গ্রেপ্তারদের মধ্যে চারজন জামিনে আছেন। বন্দি ৩৮ জনের মধ্যে ফেনী কারাগারে ৩১ জন, কুমিল্লা কারাগারে ৬ জন এবং ঢাকায় মিনার চৌধুরী রয়েছেন। পলাতক আছেন ১৪ আসামি।
