২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রদূতের ‘ব্যাগ চোররা’ রিমান্ডে

ঢাকা বিশ্ববিদ‌্যালয়ে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের হাতব্যাগ চুরির অভিযোগ গ্রেপ্তার দুই যুবককে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে পেয়েছে পুলিশ।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2016, 10:04 PM

Updated : 20 Aug 2022, 02:19 PM

বুধবার গ্রেপ্তারের পর বৃহস্পতিবার তাদের ঢাকা মহানগর হাকিম আদালতে নিয়ে প্রত‌্যেককে সাত দিনের জন‌্য হেফাজতে চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক বাহাউদ্দিন ফারুকী।

শুনানি শেষে হাকিম সাদবীর ইয়াছির আহসান চৌধুরী তাদের একদিন হেফাজতের আদেশ দেন।

চুরির ‘হোতা’ রুবেল হাওলাদার এবং বসুন্ধরার মোবাইল ফোনের দোকান মালিক শাওনের পক্ষে জামিন চাওয়া হলেও বিচারক তা নাকচ করেন বলে ওই আদালতে পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এস আই মাহমুদুর রহমান জানান।

গত ২১ নভেম্বর সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে আলোকচিত্র প্রদর্শনী ‘ফ্রিডম’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত লিওনি মার্গারিটা কুলেনারা।

সেখানেই তার হাতব্যাগটি চুরি হয়। ব্যাগে আইপড, মোবাইল ফোন, ব্যাংকের কার্ড, বাসার চাবি এবং জরুরি কাগজপত্র ছিল।

গত বুধবার চুরি করা ব্যাগটিতে থাকা মোবাইল ফোন বসুন্ধরা সিটি মার্কেটে শাওনের দোকানে বিক্রি করেন রুবেল। সেখান থেকে চুরি যাওয়া ব্যাগটি উদ্ধার করা হয় বলে গোয়েন্দা পুলিশ জানায়।

পুরনো খবর:

ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রদূতের হাতব্যাগ চুরি
রাষ্ট্রদূতের মোবাইল-আইপ্যাড বসুন্ধরায় বেচেও দিয়েছিল চোর