২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোহিঙ্গা: উদ্বেগ কূটনীতিকদের জানালেন পররাষ্ট্রমন্ত্রী

মিয়ানমারের অভ‌্যন্তরীণ সঙ্কটের কারণে বাংলাদেশ পানে রোহিঙ্গাদের ঢল নামায় নিজেদের উদ্বেগ আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তুলে ধরেছেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2016, 08:44 PM

Updated : 11 Oct 2022, 09:22 PM

পুরনো খবর:

মিয়ানমারের বিরুদ্ধে জাতিগত শুদ্ধি অভিযানের অভিযোগ জাতিসংঘের
রোহিঙ্গাদের হাজারো ঘর জ্বালিয়ে ছারখার: এইচআরডাব্লিউ
সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে কাজ করবে বিজিপি
রোহিঙ্গা প্রশ্নে সরকারের অবস্থানে সায় মানবাধিকার কমিশনের
মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে উদ্বেগ জানাল বাংলাদেশ 

পাঁচ লাখের বেশি শরণার্থীর ভার বহন করে আসার মধ‌্যে নতুন করে শরণার্থীর স্রোত আসায় বৃহস্পতিবার ঢাকায় কর্মরত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের কাছে সার্বিক পরিস্থিতি তুলে ধরেন তিনি।

মিয়ানমারের রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলবে করে রাখাইন রাজ‌্যের পরিস্থিতিতে উদ্বেগ জানানোর এক দিন পর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় কূটনীতিকদের সঙ্গে বসলেন মাহমুদ আলী।

যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, ভারত, চীন, কানাডা, নরওয়ে, ডেনমার্কের রাষ্ট্রদূতদের সঙ্গে জাতিসংঘ শরণার্থী সংস্থা, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা ও রেড ক্রসের কর্মকর্তারাও এই বৈঠকে ছিলেন।

গত ৯ অক্টোবর মিয়ানমারের তিনটি সীমান্ত পোস্টে ‘বিচ্ছিন্নতাবাদীদের’ হামলায় সেদেশের নয় সীমান্ত পুলিশের মৃত্যুর পর আশপাশের এলাকাগুলোয় ব্যাপক ধরপাকড় শুরু হয়। রাখাইন রাজ্যের রোহিঙ্গা-অধ্যুষিত জেলাগুলোয় শুরু হয় সেনাবাহিনীর অভিযান।

মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, সেনাবাহিনীর অভিযানে রাখাইন প্রদেশে ১২শ’র বেশি ঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে।

Image
অবৈধভাবে সীমান্ত পেরিয়ে কক্সবাজারের কুতুপালং আশ্রয় শিবির অভিমুখী রোহিঙ্গাদের এই ছবি সোমবার তুলেছেন রয়টার্সের আলোকচিত্রী।

অবৈধভাবে সীমান্ত পেরিয়ে কক্সবাজারের কুতুপালং আশ্রয় শিবির অভিমুখী রোহিঙ্গাদের এই ছবি সোমবার তুলেছেন রয়টার্সের আলোকচিত্রী।

দমন অভিযানের মুখে পালাতে থাকা রোহিঙ্গাদের অনেকে নাফ নদী পাড়ি দিয়ে বাংলাদেশে ঢোকার চেষ্টা করছেন। কিন্তু নতুন করে শরণার্থী নিতে নারাজ বাংলাদেশের সীমান্ত রক্ষীরা তাদের ফেরত পাঠাচ্ছে।

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ঢাকায় জাতিসংঘ মিশনগুলোর সমন্বয়কারী মিয়ানমারের রাখাইন প্রদেশে পরিস্থিতির ক্রমাবনতিতে গভীর উদ্বেগ জানান বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়।

মাহমুদ আলী রোহিঙ্গা নিয়ে এই সঙ্কট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন প্রত‌্যাশা করেন।

মিয়ানমারের সঙ্গে বিশেষ করে অং সান সু চির দল এনএলডির নবগঠিত সরকারের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রক্ষা করতে ঢাকার পদক্ষেপগুলো কূটনীতিকদের কাছে তুলে ধরেন তিনি।

মিয়ানমারের সীমান্ত চৌকিতে সন্ত্রাসী হামলার নিন্দা জানানোর কথা তুলে ধরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সুপ্রতিবেশী হিসেবে বাংলাদেশের পক্ষ থেকে গোয়েন্দা তথ‌্য দিয়েও ইয়াংগুনকে সহায়তা করা হয়।

Image
রোহিঙ্গাদের বাংলাদেশে প্রবেশ ঠেকাতে সীমান্তে টহল জোরদারের পাশাপাশি স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করছে বিজিবি।

রোহিঙ্গাদের বাংলাদেশে প্রবেশ ঠেকাতে সীমান্তে টহল জোরদারের পাশাপাশি স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করছে বিজিবি।

এসবের পরও রাখাইন রাজ‌্যে উদ্ভূত পরিস্থিতির ফলে সীমান্ত পানে রোহিঙ্গাদের ঢল নামায় উদ্বেগ জানিয়ে মাহমুদ আলী বলেছেন, মুসলিম নাগরিকরা যাতে আশ্রয় চাইতে সীমান্তে না আসে, সেজন‌্য যথাযথ পদক্ষেপ নিতে মিয়ানমার সরকারকে অনুরোধ জানানো হয়েছে।

মাহমুদ আলী আশা প্রকাশ করেন, মিয়ানমারের পরিস্থিতি দ্রুতই উন্নতি হবে এবং যারা সাময়িকভাবে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন তারা দেশে ফিরে যেতে পারবেন।

কূটনীতিকদের সঙ্গে বৈঠকের আগে দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর হাঙ্গেরি সফর নিয়ে সংবাদ সম্মেলনে আসার পর মিয়ানমার পরিস্থিতি নিয়ে প্রশ্নের মুখে পড়েন মাহমুদ আলী।

বিজিবির কড়া পাহারার মধ‌্যেও রোহিঙ্গাদের ঢোকার বিষয়ে তিনি বলেন, “বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত এলাকা অত্যন্ত দুর্গম। ফলে রোহিঙ্গা প্রবেশ ঠেকানো এত সহজ নয়। কিছু কিছু ঘটনা আছে, যেখানে একান্ত মানবিক কারণে ঢুকতে দেওয়া হয়েছে।”

রোহিঙ্গা নিয়ে পররাষ্ট্রমন্ত্রী

 

বাংলাদেশে কক্সবাজারে দুটি শরণার্থী শিবিরে ৩৫ হাজারের মতো রোহিঙ্গা থাকলেও বাইরে ছড়িয়ে-ছিটিয়ে ৫ লাখের বেশি রয়েছে।

বাইরে থাকা রোহিঙ্গাদের আপাতত ‘উদ্বাস্তু’ ঘোষণা করা হচ্ছে না জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “মিয়ানমারের অনিবন্ধিত নাগরিকদের উপর একটি জরিপ চালানো হয়েছে এবং তাদের ডকুমেন্টেশনের আওতায় আনা হচ্ছে।”

বর্তমান পরিস্থিতিসহ দীর্ঘকালের রোহিঙ্গা সমস‌্যার স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চান মাহমুদ আলী। এজন‌্য তৎপর হতে রাষ্ট্রদূতদের নিজ নিজ দেশের সরকারকে তাগিদ দেওয়ার অনুরোধ জানান তিনি।