হিন্দু-সাঁওতাল ও রোহিঙ্গাদের ওপর হামলার প্রতিবাদ
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু ও গাইবান্ধায় আদিবাসী সাঁওতালদের পাশাপাশি মিয়ানমারে রোহিঙ্গাদের উপর বর্বর হামলার প্রতিবাদে মৌন মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।
বুধবার বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত এক মানববন্ধন শেষে এই মৌন মিছিল করে তারা।
আন্তঃধর্মীয় ও আন্তঃসাংস্কৃতিক সংলাপ কেন্দ্র এবং বিশ্ববিদ্যালয়ের বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগ ব্যানারে ওই প্রতিবাদী মৌন মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন শেষে অপরাজেয় বাংলার পাদদেশ থেকে মৌন মিছিলটি নিয়ে টিএসসির রাজু ভাস্কর্য ও কেন্দ্রীয় মসজিদের পাশ দিয়ে মধুর ক্যান্টিন হয়ে পুনরায় অপরাজেয় বাংলার পাদদেশে এসে শেষ হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক আখতারুজ্জামান, অধ্যাপক আনোয়ার হোসেন, পালি ও বুড্ডিস্ট বিভাগের অধ্যাপক বিমান চন্দ্র বড়ুয়া, বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ফাদার দি রোজারিও, অধ্যাপক হিরেন্দ্র নাথ বিশ্বাস এবং আন্তঃধর্মীয় ও আন্তঃসাংস্কৃতিক সংলাপ কেন্দ্রের প্রতিষ্ঠাতা নূরুল ইসলাম এই কর্মসূচিতে অংশ নেন।
অধ্যাপক আখতারুজ্জামান বলেন, “রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায় চুপ কেন? যারা বিভিন্ন সময়ে বিভিন্ন আন্তর্জাতিক বিষয়ে কথা বলেন, তারা এখন চুপ কেন? মানুষের মনে প্রশ্ন দেখা দিয়েছে শান্তিতে নোবেল পুরস্কার প্রাপ্তরা এমন সময়ে কি করছেন?”
বাংলাদেশসহ মিয়ানমারে এসব হামলায় ধর্মীয় কারণের বাইরে অন্য স্বার্থও জড়িত বলে মন্তব্য করেন তিনি।
“বাংলাদেশসহ মিয়ানমারের এ হামলা শুধুমাত্র ধর্মীয় কারণেই নয়।এর পেছনে অন্য স্বার্থ জড়িত। অর্থনৈতিক স্বার্থ, উগ্রতা, এবং এথনিক কিলিং ষড়যন্ত্রও এর জন্য দায়ী।”
অধ্যাপক আনোয়ার হোসেন বলেন, “বাংলাদেশ এখন বিপন্ন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে।এ ধরনের ঘটনা ঘটলে সামান্য সাহায্য করা হয়।
“সাঁওতালদের ভূমি থেকে উচ্ছেদ করে যে প্রণোদনা দেওয়া হয়েছে তা অত্যন্ত হাস্যকর। আমাদের সময় এসেছে গণজাগরণের। কারণ গণজাগরণের মধ্য দিয়েই এ ধরনের ঘটনা বন্ধ করা সম্ভব।”
