২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

অপহরণ লিবিয়ায়, ঢাকায় মুক্তিপণের টাকা তুলতে গিয়ে ধরা

লিবিয়ায় অপহৃত এক প্রবাসী শ্রমিকের মুক্তিপণের টাকা ঢাকার তুরাগ এলাকা থেকে তুলতে গিয়ে র‌্যাবের হাতে গ্রেপ্তার হয়েছেন দুজন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে এই চক্রের আরেক সদস্যকেও গ্রেপ্তার করা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2016, 09:13 PM

Updated : 20 Aug 2022, 02:19 PM

গ্রেপ্তাররা হলেন- আব্দুল্লাহ আল মামুন (২৯), মো. ফরহাদ হোসেন (২৮) ও মো. আবু বক্কর সিদ্দিক (৭৩)। মঙ্গলবার রাতে তুরাগ ও উত্তরা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

প্রবাসী শ্রমিক শহীদুল ইসলামকে (৪০) লিবিয়ায় আটকে বাংলাদেশে তার পরিবারের কাছ থেকে এরা অর্থ আদায়ের চেষ্টা করছিল বলে র‌্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কুড়িগ্রামের শহীদুল একটি প্রতিষ্ঠানের শ্রমিক হিসাবে ২০১২ সালে লিবিয়া যান। চুক্তি মেয়াদ শেষে এ বছরের মাঝামাঝি তার দেশে ফেরার কথা ছিল। এর মধ্যে গত ৩১ অক্টোবর হঠাৎ একটি চক্র সেখানে তাকে জিম্মি করে।

পরে বাংলাদেশে শহীদুলের ভাই ফারুক আহমেদের কাছে ফোন করে মুক্তিপণ হিসাবে ২ লাখ ৮০ হাজার টাকা দাবি করা হয়। সেই টাকা বিকাশের মাধ্যমে পাঠাতে বলা হয়।

বিষয়টি নিয়ে ফারুক র‌্যাবের কাছে এলে কৌশল হিসেবে তাকে মুক্তিপণের টাকা পরিশোধে রাজি হওয়ার কথা জানাতে পরামর্শ দেওয়া হয়। ফারুক রাজি হলে ফারুককে একটি বিকাশ নম্বর দেওয়া হয়। পরে ওই নম্বরের সূত্র ধরে অভিযান চালিয়ে তুরাগ থানা এলাকা থেকে মামুন ও ফরহাদকে গ্রেপ্তার করা হয়।

“এরা দুইজনই টাকা তুলতে এসেছিল,” বলেন র‌্যাব কর্মকর্তা মাসুদ।

তিনি বলেন, ওই দুজনকে জিজ্ঞাসাবাদে লিবিয়ায় অবস্থানরত মোহাম্মদ আলী ওরফে ইয়াকুব নামে একজনের কথা জানা যায়, যিনি এই অপহরণ চক্রের প্রধান। তার পরামর্শে ও  নির্দেশে মামুন ও ফরহাদ বাংলাদেশে মুক্তিপণের টাকা সংগ্রহ করে। সেই টাকা নিরাপদে রাখাসহ বিভিন্নভাবে তাদের সহায়তা করে বাংলাদেশে অবস্থানরত ইয়াকুবের বাবা আবু বকর সিদ্দিক।

পরে রাতেই পুলিশ উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে আবু বকর সিদ্দিককে গ্রেপ্তার করে।

এদের গ্রেপ্তার করার লিবিয়ায় অপহরণকারীরা এদেশে তাদের লোকজনের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছে জানিয়ে মাসুদ বলেন, “ফলে অপহৃত শহীদুল ইসলামের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

“আমরা তাকে উদ্ধারের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে লিবিয়ার সংশ্লিষ্টদের সাথে যোগাযোগের চেষ্টা করছি।”

লিবিয়ায় অপহরণকারী চক্রের সবাই বাংলাদেশি বলেও জানান তিনি।