টাম্পাকো মালিকের জামিন আবেদন হাই কোর্টে
টঙ্গীর টাম্পাকো ফয়েলস কারখানায় অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় করা হত্যা মামলায় কারখানার চেয়ারম্যান সৈয়দ মকবুল হোসেন ও তার পরিবারের সদস্যসহ আট কর্মকর্তা হাই কোর্টে জামিন আবেদন করেছেন।
মকবুল হোসে
গত ১০ সেপ্টেম্বর টাম্পাকো ফয়েলস কারখানায় বিস্ফোরণের পর আগুন ধরে গেলে অন্তত ৩৪ জন নিহত হন, আহত হন আরও অন্তত ৪০ জন।
সিলেটে বিএনপির সাবেক সংসদ সদস্য সৈয়দ মো. মকবুল হোসেনের মালিকানাধীন ওই কারখানায় সেদিন ৭৫ জনের মতো কাজ করছিলেন।
দুর্ঘটনার পর ১২ সেপ্টেম্বর কারখানা মালিক মকবুল ও কর্মকর্তাসহ আটজন এবং ১৮ সেপ্টেম্বর তারাসহ ১০ জনের বিরুদ্ধে টঙ্গী থানায় হত্যা ও হত্যা চেষ্টার অভিযোগে দুটি মামলা দায়ের করা হয়।
এই দুই মামলায় বিএনপি নেতা মকবুলসহ আটজন হাই কোর্টে আত্মসমর্পণ করে জামিন চাইলেন।
এদের মধ্যে কারখানা চেয়ারম্যান মকবুল ছাড়া অন্যরা হলেন- তার স্ত্রী সাজেদা পারভীন হোসেন, ছেলে টাম্পাকোর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ তানভীর আহমেদ ও মেয়ে আবিদা হোসেন, টাম্পাকোর মহা-ব্যবস্থাপক শফিকুর রহমান, ব্যবস্থাপক (প্রশাসন) মনির হোসেন, ডিএমডি সাফি-উস-সামি আলমগীর ও ব্যবস্থাপক (প্রশাসন ও আইন) আবু হানিফ।
আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আবদুল বাসেত মজুমদার। সঙ্গে ছিলেন আইনজীবী এম মাহবুব আলী ও এম আতাউল গণি। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল বশির আহমেদ।
উভয় পক্ষের আংশিক শুনানি শেষে আদালত পরবর্তী শুনানির জন্য মঙ্গলবার দিন ধার্য করে।
এর আগে তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ড ও রানা প্লাজা ধসে প্রাণহানির ঘটনার মামলাতেও কারখানা ও ভবন মালিককে আসামি করা হয়েছিল।
