চেক প্রতারণা মামলায় এমপি হারুনকে আদালতে তলব
চেক প্রতারণার একটি মামলায় ঝালকাঠিতে আওয়ামী লীগের সংসদ সদস্য বজলুল হক হারুনকে তলব করেছে ঢাকার একটি আদালত।
তার বিরুদ্ধে এক কোটি টাকার চেক প্রতারণার অভিযোগ এনে মামলাটি করেছেন পরিবেশমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু নেতৃত্বাধীন জাতীয় পার্টির (জেপি) এক নেতা।
ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য হারুন ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি।
জেপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক খলিলুর রহমান বাদী হয়ে রোববার মামলাটি করার পর ঢাকার মহানগর হাকিম মাহমুদুল হাসান আগামী ৭ ফেব্রুয়ারি এমপি হারুনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।
সংসদ সদস্য বজলুল হক হারুন
নতুন মামলায় অভিযোগ করা হয়, হারুন ব্যবসায়িক প্রয়োজনে বাদীর কাছ থেকে বিভিন্ন সময়ে অর্থ ধার করেন। ওই ধারের টাকার আংশিক পরিশোধে গত ২৫ সেপ্টেম্বর এক কোটি টাকার একটি চেক দেন।
“বাদী যমুনা ব্যাংক, বনানী শাখায় উক্ত চেকের টাকা উত্তোলন করতে গেলে গত ২৬ সেপ্টেম্বর চেকটি অপর্যাপ্ত তহবিলের কারণে প্রত্যাখ্যাত হয়। বাদী বিষয়টি জানানোর পর আসামি টাকা না দিয়ে ঘোরাতে থাকে।”
পাওনা আদায় করতে না পেরে মামলাটি করেছেন বলে খলিল জানান।
