২০৩০ সালের আগেই সবার জন্য নিরাপদ পানি: প্রধানমন্ত্রী
জাতিসংঘের নেওয়া বৈশ্বিক লক্ষ্য অনুযায়ী ২০৩০ সালের অনেক আগেই বাংলাদেশে প্রতিটি নাগরিকের জন্য নিরাপদ ও সহজলভ্য পানি সরবরাহের নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
টেকসই উন্নয়ন লক্ষ্য-৬ (এসডিজি-৬) বাস্তবায়নে রোববার রাজধানীতে আয়োজিত জাতীয় কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে লিখিত বক্তব্যে একথা বলে তিনি।
প্রধানমন্ত্রী বলেন, “বর্তমানে দেশের ৯৮ শতাংশ মানুষ নিরাপদ পানি পাচ্ছে। আমরা শতভাগ মানুষকে নিরাপদ পানি সরবরাহ করতে চাই। জাতিসংঘ নির্ধারিত সময়ের অনেক আগেই আমরা তা করতে পারব।”
প্রধানমন্ত্রীর কার্যালয়ে রোববার এই অনুষ্ঠানে শেখ হাসিনার পক্ষে লিখিত বক্তব্য পড়ে শোনান কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরী। অসুস্থতার কারণে তিনি উপস্থিত ছিলেন না।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. জাফর আহমেদ খান সরকার প্রধানের দ্রুত আরোগ্য কামনা করে বলেন, “ব্যক্তিগত কারণে মাননীয় প্রধানমন্ত্রী উপস্থিত হতে পারেন নাই।”
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফাইল ছবি
এসডিজি-৬ এর ১৭টি লক্ষ্যের মধ্যে ‘নিরাপদ পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা নিশ্চিতকরণ’ হচ্ছে ছয় নম্বর। তার আগে রয়েছে, লিঙ্গ সমতা, গুণগত শিক্ষা, সুস্বাস্থ্য, ক্ষুধামুক্তি ও দারিদ্র্য দূরীকরণ।
এমডিজি’র মতো এসডিজিতেও সাফল্য অর্জনের ওপর জোর দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলাদেশে এখন ৬১ শতাংশ নাগরিক পয়ঃনিষ্কাশন ব্যবস্থার আওতায় এসেছে; উন্মুক্ত স্থানে মলমূত্র ত্যাগের পরিমাণ এক শতাংশ থেকে কমে শূন্য দশমিক আট আট শতাংশে নেমে এসেছে বলে জানানি তিনি।
পয়ঃনিষ্কাশনে নতুন লক্ষ্যমাত্রা নির্ধারণে সময়ভিত্তিক কর্মপরিকল্পনা নেওয়ার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেছেন, “২০২১ সালের মধ্যেই দুটি ক্ষেত্রে শতভাগ সাফল্য আসবে।”
কৃষিতে সেচ ও শিল্পায়নসহ শহর উন্নয়নের জন্য পানির চাহিদা ক্রমাগত বৃদ্ধি পাওয়ার কথা মনে করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী তার লিখিত বক্তব্যে বলেন, “জলবায়ুর পরিবর্তনের নানা প্রভাবসহ বাংলাদেশে খরায় পানির সংকট এবং বন্যা ও জলোচ্ছ্বাসসহ নানা দুর্যোগে অঢেল পানি অপচয় হচ্ছে।
“ভূ-গর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাচ্ছে। এতে শুকনো মৌসুমে এখনই পানি দুষ্প্রাপ্য হয়ে উঠছে।”
নিরাপদ পানি সরবরাহ এবং স্বাস্থ্যকর পয়ঃনিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করতে আইন ও বিধি-বিধানের পরিবর্তন করে সময়োপযোগী প্রকল্প গ্রহণের কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
মতিয়া চৌধুরী
প্রধানমন্ত্রী জানান, লবণাক্ত পানিপ্রধান এলাকায় সাত হাজার পুকুরের পানি পরিশোধন করে লবণাক্তমুক্ত করা হয়েছে, ৩২ হাজার ৬০০ গভীর নলকূপ খনন করা হয়েছে ও বৃষ্টির পানি সংরক্ষণে ৪ হাজার ৭০০ জলাধার তৈরি করা হয়েছে।
২০২১ সালের মধ্যে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনাসহ সব বিভাগীয় শহরের নিরাপদ পানি ভূ-উপরিস্থ পানি থেকে নিশ্চিত করার কার্যক্রম চলছে।
প্রধানমন্ত্রী বলেছেন, “গোটা বিশ্বে এই মুহূর্তে ২৪০ কোটি লোক স্যানিটেশন সুবিধাবঞ্চিত। ৬৬ কোটি ৩০ লাখ ব্যক্তি নিরাপদ পানি বঞ্চিত রয়েছে।
“এছাড়া নিরাপদ পানির অভাবে পৃথিবীতে বছরে ১০ লাখ লোক মারা যায়, যাদের অধিকাংশই শিশু।”
প্রতিদিন গড়ে বিশ্বে এক হাজার শিশু বিশুদ্ধ পানির অভাবে মারায় যায় জানিয়ে তিনি বিশ্ব পরিস্থিতি নিয়েও সবাইকে ভাবতে আহ্বান জানান।
প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পানি সম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ ও প্রতিমন্ত্রী মো.নজরুল ইসলাম বীর প্রতীক।
