ডিম বিক্রেতার টাকা ‘ছিনিয়ে নেওয়া’ কনস্টেবল-আনসার রিমান্ডে
রাজধানীতে ডিম ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার এক কনস্টেবল ও এক আনসার সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য দুইদিন করে হেফাজতে পাঠিয়েছে আদালত।
ঢাকা মহানগর হাকিম সারাফুজ্জামান আনছারী শনিবার এক রিমান্ড আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই মাহমুদুর রহমান।
রিমান্ডে পাঠানো পুলিশ কনস্টেবল লতিফুজ্জামান ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের গুলশান জোনে কর্মরত ছিলেন; আর রিমান্ডে পাঠানো আনসার সদস্যের নাম রাজিকুল খন্দকার।
তাদের আদালতে হাজির করে সাতদিনের রিমান্ড আবেদন করেছিলেন আব্দুল বাসির নামে ওই ডিম ব্যবসায়ীর করা মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার এসআই দেবরাজ চক্রবর্তী ।
লতিফুজ্জামান ও রাজিকুল শুক্রবার ভোরে কারওয়ান বাজার এলাকার সোনারগাঁও মোড়ে ডিম ব্যবসায়ী বাসিরকে তল্লাশির নামে তার কাছে থাকা ৪৪ হাজার টাকা ছিনিয়ে চম্পট দেওয়ার চেষ্টা করেন।
এসময় বাসির কনস্টেবল লতিফুজ্জামানকে জাপটে ধরে আশপাশের লোকজনের সহায়তা আটক করতে পারলেও পালিয়ে যান আনসার সদস্য রাজিকুল; পরে শুক্রবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করে পুলিশ।
এ ঘটনায় ডিম বিক্রেতা বাসির বাদী হয়ে শাহবাগ থানায় একটি মামলা করেন।
মামলায় তিনি অভিযোগ করেন, শুক্রবার ভোরে ভ্যানে করে ফিরছিলেন তিনি। হোটেল সোনারগাঁও মোড়ের সামনে একটি মোটর সাইকেল তার পথরোধ করে। আরোহী দুজনেই ‘ইউনিফর্ম’ পরা ছিলেন।
তাদের একজন বাসিরের কাছে গাঁজা আছে কিনা জানতে চান। এ সময় বাসির ডিম রাখার ২৪০টি খালি ঝুড়ি ও সঙ্গে ৪৪ হাজার টাকা আছে বলে জানান। এ টাকা দেখেই তা ছিনিয়ে নেয় পুলিশ সদস্যরা।
